ঢাকা, ৬ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ক্রিকেট ক্যারিয়ারে এতো অল্প সময়ের সফরে কখনো দেশের বাইরে যেতে হয়নি মোহাম্মদ আশরাফুলকে,"আসতে --- যেতে দুইদিন। আর মাঝখানে একদিন খেলা। ব্যস, এটাও একটা দারুণ অভিজ্ঞতা।" ৪ জুন সকালে তামিম ইকবাল, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রফিক ও মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে ভারতে গিয়েছিলেন বাংলাদেশের নতুন অধিনায়ক। রফিক আর মাশরাফি ওয়ানডে সিরিজের দলে আছেন বলে রয়ে গেছেন। টুয়েন্টি টুয়েন্টিতে খেলে অন্যদের নিয়ে বুধবার বিকেল সাড়ে তিনটায় দেশে ফিরেছেন আশরাফুল। এই অভিজ্ঞতা তার কাছে একটু ভিন্ন হতে বাধ্যও। কারণ,"এবারই তো প্রথম বাংলাদেশের অধিনায়ক হিসেবে কোথাও গেলাম। মাহেলা জয়াবর্ধনে, যুবরাজ থেকে শুরু করে সবাই আমাকে কনগ্র্যাচুলেট করেছে।" সৌরভ গাঙ্গুলীর অভিনন্দন পাননি?"না, দাদার সঙ্গে দেখাই হয়নি। আমরা যখন টুয়েন্টি টুয়েন্টি খেলতে মাঠে আসি, তখন ওয়ানডের খেলোয়াড়রা প্র্যাকটিসে ছিল। পরে রাতে হোটেলে ফিরে আর দেখা হয়নি দাদার সঙ্গে। পরদিন সকালে তো চলেই আসলাম।"
দেশে ফেরার পর অবশ্য বিশ্রামের ফুরসত মিলছে না। বৃহষ্পতিবার থেকেই আবার নেমে পড়তে হচ্ছে। ডেভ হোয়াটমোর চলে গেছেন। অন্তবর্তী দায়িত্ব হিসেবে বাংলাদেশ দলের কোচের ভূমিকা নিচ্ছেন ন্যাশনাল গেম ডেভলপমেন্ট ম্যানেজার শন উইলিয়ামস। এর আগে কয়েক দফায় বাংলাদেশ 'এ' দলের দায়িত্ব পালন করলেও জাতীয় দলের দায়িত্বে তিনি এই প্রথম। নতুন কোচ আর নতুন অধিনায়ককে নিয়ে বৃহষ্পতিবার সকাল থেকে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিতে নামছে বাংলাদেশ দল। প্রস্তুতির প্রথম দিনে অবশ্য ব্যাট বল নিয়ে নামতে হচ্ছে না ক্রিকেটারদের। প্রথম দিনটা ফিটনেস ট্রেনিং আর ফিল্ডিং প্র্যাকটিসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সকাল আটটায় শুরু হয়ে চার ঘন্টার ফিটনেস পরীক্ষা নেওয়া হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ইনডোরে। লাঞ্চের পর পৌনে এক ঘন্টার ফিল্ডিং সেশনও আছে। আর বিকেলে ক্রিকেটারদের দেড় ঘন্টার জন্য বসুন্ধরা গোল্ডস জিমে যেতে হবে জিমওয়ার্কের জন্য। শুক্রবার ছুটি কাটিয়ে শনিবার নেটে ব্যাট বল নিয়ে নামবেন ক্রিকেটাররা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪০ঘ.
bdnews24