২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের মেয়াদ এক বছর বাড়িয়ে আসার পর বাফুফে কর্তাদের আত্মপক্ষ সমর্থন

সরকারের প্রভাবমুক্ত হতে জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন গঠন করতে যাচ্ছে বাফুফের মেয়াদোত্তীর্ণ কমিটি। গত এপ্রিলে তাদের মেয়াদ শেষ হয়ে গেলেও আরো এক বছর দায়িত্বে থাকার বিধান নিয়ে এসেছে তারা ফিফা থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 03:28 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ----- সরকারের প্রভাবমুক্ত হতে জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন গঠন করতে যাচ্ছে বাফুফের মেয়াদোত্তীর্ণ কমিটি। গত এপ্রিলে তাদের মেয়াদ শেষ হয়ে গেলেও আরো এক বছর দায়িত্বে থাকার বিধান নিয়ে এসেছে তারা ফিফা থেকে। ফিফা ফেরত কর্মকর্তারা গত মঙ্গলবার জরুরী সভা ডেকে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে একটি কমিটি গঠন করেছেন। বাফুফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালকে প্রধান করে গঠিত ৫ সদস্যের কমিটিতে আছেন বাফুফের দুই সহ সভাপতি আব্দুর রহিম ও সিরাজুল ইসলাম এবং দুই সদস্য গোলাম রসুল মোল্লা ও আসাদুজ্জামান খসরু। এই সিদ্ধান্তের কথা বুধবার সরকারকে জানানো হয়েছে বলে উল্লেখ করেছেন বাফুফে সভাপতি এস এ সুলতান। এই সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার বিকেলে বাফুফে সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সরকারী হস্তক্ষেপের বিষয়টা স্পষ্ট করেছেন এভাবে, "বাফুফের ১৩২ জন কাউন্সিলরের মধ্যে ৭০ জনই আসেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে, মানে তারা সংখ্যাগরিষ্ঠ। তাদের দিয়েই সরকার চাইলে বাফুফে নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। সেটা ফিফা চায় না বলেই জেলা ফুটবল অ্যাসোসিয়েশন গঠন করতে বলেছে।" গত দুটো নির্বাচন জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলরদের দিয়ে হলেও এবার হঠাৎ করেই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠল। ২৩ জুন নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলরদের নাম আসার পর ফিফা চিঠি পাঠিয়ে নির্বাচন স্থগিত করতে বলে। এর পেছনে প্রচলিত ধারনা হচ্ছে, বাফুফের কোনো এক কর্মকর্তা ফিফাকে বর্তমান সরকারের কার্যক্রম সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে নির্বাচন স্থগিত করিয়েছে। ক্রীড়াঙ্গনে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার মেয়াদোত্তীর্ণ ও মামলা কবলিত গত জোট সরকারের মদদপুষ্ট ২৫ টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি ভেঙ্গে দিয়ে স্থানীয় ক্রীড়া সংগঠকদের নিয়ে অ্যাডহক কমিটি গঠন করে দেয়। আর সেটাই নকি ফিফার কাছে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। নিজে এর দায় উপেক্ষা করে বাফুফে সভাপতি এস এ সুলতান বলেছেন, "এখান থেকে ফিফার কাছে প্রতিনিয়ত চিঠি যায়। এক গুচ্ছ চিঠি তারা দেখিয়েছে সাধারণ সম্পাদককে।" নির্বাচন স্থগিতাদেশের পর গত ৩০ মে জুরিখে বাফুফে সভাপতি, সাধারণ সম্পাদকের সঙ্গে ফিফা ও এএফসির একটি ত্রিপক্ষীয় সভা হয়। সেই সভা শেষে দেশে থাকা বাফুফে উপ সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু সভাপতি----সাধারণ সম্পাদককে উদ্ধৃত করে বলেছিলেন, "ফিফা একটা রোডম্যাপ দিয়েছে। তাতে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন গঠন ও ফুটবল সচিবালয়কে বেতনভুক্ত করার কথা বলা হয়েছে।" কিন্তু সংবাদ সম্মেলনে যে ফিফার পাঠানো চিঠিতে চারজনের (সম্পাদক, উপ সম্পাদক ও দুই সহকারী সম্পাদক) বেতনভুক্ত হওয়ার ব্যাপারে কিছুই উল্লেখ নেই। এর কোনো সদুত্তর পাওয়া যায়নি তাদের কাছ থেকে। এজন্যই বোধহয় প্রথমে বাফুফের এই মেয়াদোত্তীর্ণ কমিটি ফিফার চিঠিটির কোনো অনুলিপি দিতে চায়নি সাংবাদিকদের। ফিফার চিঠিতে আছে শুধুই জেলা ফুটবল অ্যাসিয়েশন গড়ার পরামর্শ। এই সংস্কারটা করবে বাফুফের মেয়াদোত্তীর্ণ কমিটি। কিন্তু সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছে, ফিফা যখন গনতন্ত্রে বিশ্বাস করে তখন মেয়াদোত্তীর্ণ কমিটির সংস্কার কাজ করার নৈতিক অধিকার আছে কিনা ? বাফুফে সভাপতি প্রশ্নটাকে পাশ কাটিয়ে গেলেন এভাবে, "ফিফা এই কমিটির মেয়াদ বাড়াবে, আমরা জানতাম না। আসলে নির্বাচিত কমিটিই পরের নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব তুলে দেবে, এটাই গণতন্ত্র।" তাদের আশা ফিফার বেঁেধ দেওয়া এক বছরেরও কম সময়ে সংস্কার কাজ সম্পন্ন হয়ে যাবে। এজন্য গঠিত ৫ সদস্যের কমিটি জেলা ক্রীড়া সংস্থা গুলোর সম্পাদকের সঙ্গে বসবে, তারপর সংস্কারের একটা পথ খুঁজে বের করবে। এজন্য সরকারের সহযোগিতা লাগবে বলে উল্লেখ করেছেন বাফুফে কর্তারা। মানে সরকারের প্রভাবমুক্ত হতেই সরকারের সহযোগিতা দরকার ফুটবল কর্তাদের! এমনিতে নিজেদের খেয়ালখুশী মতোই চলবে তারা। ফুটবল যাদুঘরে ওঠে যাওয়ার উপক্রম হলেও সরকার কিছু বলতে পারবে না। সরকারের কেবল সহযোগিতা দেওয়ার অধিকারই আছে ! বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১৫ঘ.