ইস্তানবুল, ৬ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স) -- রবার্তো কার্লোস আর রিয়াল মাদ্রিদের খেলোয়াড় নেই। ব্রাজিলিয়ান এই সুপারস্টার এখন তুরস্কের ফেনারবাচে ক্লাবের চুক্তিবদ্ধ খেলোয়াড়। বুধবার তুর্কি ক্লাবটি তাদের ওয়েবসাইটে এ খবর প্রকাশ করেছে।
রবার্তো কার্লোস রিয়াল মাদ্রিদে খেলছেন ১১ বছর ধরে। স্প্যানিশ ক্লাবের অনেক সাফল্যে ভালো ভূমিকা রাখলেও স্পেনে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডারের সময় গত দুটি বছর খুব ভালো কাটেনি। গত বছর নিজেই দিয়েছিলেন ক্লাব ছেড়ে যাওয়ার ঘোষণা। রবার্তো কার্লোসের এজেন্ট দিনো পাসালিক জানিয়েছেন, তখন সরাসরি ফেনারবাচেতে যোগ দেয়ার ইচ্ছেও প্রকাশ করেছিলেন বাঁ পায়ের অসাধারণ শটের জন্য "গোল্ডেন লেফট" নামে পরিচিত এই ফুটবলার। ফেনারবাচে এত বড় এক তারকাকে নিতে কত টাকা খরচ করছে, এ বিষয়ে রিয়ালের বক্তব্য কি, কার্লোসই বা এখন কি ভাবছেন --- এসব প্রশ্নের উত্তর এখনো জানা যায়নি।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/১৩২৫ ঘ.
bdnews24