ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ---- ঢাকা আবাহনী ২ : চট্টগ্রাম মোহামেডান ১
ফরাশগঞ্জ ২ : খুলনা আবাহনী ১
অবশেষে ভারমুক্ত হলেন আবুল হোসেন। গত মৌসুমে ব্রাদার্সে দুর্দান্ত খেলা এই মিডফিল্ডার আবাহনীতে এসে নিজেকে খুঁজে পাচ্ছিলেন না। পারফরম্যান্সের এমনই অধোগতি যে গত কয়েক ম্যাচে একাদশেও তিনি অনিয়মিত। এই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য যা খুব দরকার ছিল তার সন্ধান অবশেষে পেয়েছেন দ্বিতীয় লেগে নিজেদের প্রথম ম্যাচে। মঙ্গলবার চট্টগ্রামে স্বাগতিক মোহামেডানের বিপক্ষে শুধু গোলের খাতাই খোলেননি, দুদুটো গোল করে তিনি আবাহনীকে পার করে নিয়েছেন।
প্রথম লেগে এই মোহামেডানের কাছেই ড্র করে পয়েন্ট হারিয়েছিল তারা। নাম সর্বস্ব বিদেশী এবং স্বদেশীদের কাঙ্খিত মানে পৌঁছুতে না পারা--- সব মিলিয়ে এবারও তাই ভয় ছিল আবাহনীর। কিন্তু সব প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে আবাহনী ২----১ গোলে হারিয়েছে মোহামেডানকে। যার মূল রূপকার আবুল হোসেন। মানে দ্বিতীয় লেগের শুরুর ম্যাচেই আবাহনীর একসঙ্গে তিনটি প্রাপ্তি------ আবুলের ফর্মে ফেরা, জয় ও ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠা।
আবুলের নায়ক হওয়ার ম্যাচে জ্বলে উঠেছিলেন জাহিদ পারভেজও। যেখানে তার বেড়ে ওঠা সেই চট্টগ্রামের চেনা মাঠে নিজেকে মেলে ধরেছেন তিনি। স্ট্রাইকারদের ব্যর্থতায় প্রথমার্ধ গোলহীন থাকার পর আবাহনী শিবিরে যখন পয়েন্ট হারানোর শংকা তখনই গোলের উৎস হয়েছেন জাহিদ। তার কর্নার থেকেই হেডে গোল করে আবাহনীকে এগিয়ে নেন আবুল। কিন্তু তার মিনিট ছয়েক পরেই চট্টগ্রাম মোহামেডানের দিপুর ক্রসে আসিফের হেড আবাহনীর জালে জমা হলে আবারো সংশয়---শংকার মধ্যে পড়ে নীল---আকাশীরা।
তখনও ত্রাতার ভূমিকায় আর্বিভূত হন জাহিদ ও আবুল জুটি। যেন প্রথম গোলের রিপ্লেটাই দেখালেন ৭২ মিনিটে; জাহিদের কর্ণার ও আবুলের দ্বিতীয় গোল। এই গোল খাওয়ার পর মোহামেডান ছন্দ হারিয়ে ফেলে। আবাহনী আরও চেপে ধরে তাদের। সুযোগও এসেছিল; ৮৪ মিনিটে উজ্জ্বলের তীব্র গতির শটটি মোহামেডান গোলরক্ষক টিটু ঠেকাতে না পারলে হয়তো ব্যবধান আরো বড় হতো।
চট্টগ্রামে ঢাকা আবাহনী জিতলেও ঢাকায় খুলনা আবাহনী হেরেছে ফরাশগঞ্জের কাছে একই ব্যবধানে। ফরাশগঞ্জের পক্ষে ৪৫ মিনিটে কবির ও ৮৩ মিনিটে রনি গোল করেছেন। ৫৩ মিনিটে আবাহনীর একমাত্র গোলটি করেছেন রেজাউল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩৫ঘ.
bdnews24