২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরার, শারাপোভা আর সেরেনা কোয়ার্টারফাইনালে

অ্যামেলি মরেসমোর বিদায়টাই মেয়েদের বিভাগে সবচেয়ে বড় অঘটন। ফ্রেঞ্চ ওপেনে সোমবার এখন পর্যন্ত সেরকম কোনো অঘটন ঘটেনি। চতুর্থ রাউন্ডে অল্পের জন্য বেঁচে গেছেন মারিয়া শারাপোভা। তার মতো সেরেনা উইলিয়ামসও উঠে গেছেন শেষ আটে। ওদিকে রজার ফেদেরার তার সেরা দিনের কাছাকাছিও ছিলেন না, তারপরও সহজ জয় নিয়েই উঠেছেন কোয়ার্টার ফাইনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 03:02 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

প্যারিস, ফ্রান্স, ৪ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- অ্যামেলি মরেসমোর বিদায়টাই মেয়েদের বিভাগে সবচেয়ে বড় অঘটন। ফ্রেঞ্চ ওপেনে সোমবার এখন পর্যন্ত সেরকম কোনো অঘটন ঘটেনি। চতুর্থ রাউন্ডে অল্পের জন্য বেঁচে গেছেন মারিয়া শারাপোভা। তার মতো সেরেনা উইলিয়ামসও উঠে গেছেন শেষ আটে। ওদিকে রজার ফেদেরার তার সেরা দিনের কাছাকাছিও ছিলেন না, তারপরও সহজ জয় নিয়েই উঠেছেন কোয়ার্টার ফাইনালে। রোববার চেক রিপাবলিকের লুসি সাফারোভার কাছে সরাসরি সেটে হেরে (৩ --- ৬, ৫ --- ৭) টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ফ্রান্সের অ্যামেলি মরেসমো। পরেরদিন মারিয়া শারাপোভারও একই পরিণতি হতে পারতো। তবে ধৈর্য্যরে চূড়ান্ত পরীক্ষা দিয়ে প্রায় হারা ম্যাচ জিতে গেছেন শারাপোভা। মেয়েদের দ্বিতীয় বাছাই তৃতীয় সেটে দু দুবার ম্যাচ পয়েন্ট বাঁচিয়েছেন প্যাটি শ্নাইডারের বিপক্ষে। তৃতীয় সেটে নিজের সার্ভিস গেম জিতলেই জিতে যেতেন শ্নাইডার। সে সুযোগ এসেছিল তিনবার। তিনবারই তাকে রুখে দিয়ে শেষ পর্যন্ত ৭ --- ৬, ৬ --- ৪, ৬ --- ৪ গেমে জিতে যান শারাপোভা। কোয়ার্টারফাইনালে রুশ সুপারস্টার খেলবেন আন্না চাকভেতাদজের সঙ্গে। মেয়েদের অন্য এক ম্যাচে সেরেনা উইলিয়ামস ৬ --- ২, ৬ --- ৩ গেমে হারিয়েছেন রাশিয়ার দিনারা সাফিনাকে। শেষ আটে তার প্রতিপক্ষ জাস্টিন হেনিন। রজার ফেদেরারকে সোমবার মিখাইল ইউঝনির বিপক্ষে চিরচেনা ভয়ঙ্কর সুন্দরের রূপে দেখা যায়নি। তাতে অবশ্য জয় পেতে কোনো অসুবিধা হয়নি। ৭ --- ৬, ৬ --- ৪, ৬ --- ৪ গেমে ম্যাচ জিতে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে টানা ১১ ম্যাচ সরাসরি সেটে জেতার রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন ফেদেরার। এতদিন রেকর্ডটি এককভাবে ছিল যুক্তরাষ্ট্রের জন ম্যাকেনরোর দখলে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/২০৫৫ ঘ.