ঢাকা, জুন ৪ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ---- মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন জরুরী সভায় বসছে ফিফার সিদ্ধান্তকে সামনে নিয়ে।
এখন নির্বাচন নয়, মেয়াদোত্তীর্ণ এই কমিটির আরো একবছর দায়িত্বে থাকবে---- ফিফার এই বিধান নিয়ে সোমবার দেশে ফিরেছেন সভাপতি এস এ সুলতান ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক। তবে সন্ধ্যা পর্যন্ত তারা বাফুফে দপ্তরে আসেননি। তাদের অনুপস্থিতিতে উপ সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানিয়েছেন, "আমরা ফিফার চিঠিও পেয়েছি। আগামীকাল (মঙ্গলবার) তা নিয়ে আমরা জরুরী সভায় বসে করণীয় ঠিক করবো।"
মানে ফিফার দেওয়া রোডম্যাপ অনুযায়ী গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ নেবে বাফুফের মেয়াদোত্তীর্ণ কমিটি। তবে ওই রোডম্যাপের চিঠি নিয়ে অনেকের মনে সন্দেহ থাকলেও এখনো তারা মিডিয়াকে দেখায়নি সেই চিঠি। মালুর বক্তব্য অনুযায়ী এই রোডম্যাপ হচ্ছে, বেতনভুক্ত বাফুফে সচিবালয় এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশন গঠন। এসব নিয়েই আলোচনা হবে জরুরী সভায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০৩৭ঘ.
bdnews24