লন্ডন, ২ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)-- নতুন ভাবে গড়ে তোলা ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়াম, প্রায় এক বছর পর দলে ফেরা ডেভিড বেকহামের নিখুঁত এক ক্রস থেকে পাওয়া গোলে এগিয়ে থাকার আনন্দ, ১৫ বছর পর ব্রাজিলের বিপক্ষে জয়ের হাতছানি ---- উৎসব শুরুই করে দিয়েছিল ইংল্যান্ডের মানুষ। শেষ বাঁশি বাজতে তখন আর মিনিট খানেক বাকি। এবং ঠিক তখনই ডিয়েগোর গোলে ভেঙ্গে গেল ইংলিশদের স্বপ্ন। শুক্রবার রাতে লন্ডনের ওয়েম্বলিতে অনুষ্ঠিত ব্রাজিল ও ইংল্যান্ডের প্রীতি ম্যাচে তাই জিততে পারেনি কোনো দল। ম্যাচটা ড্র হয়েছে ১ ---- ১ গোলে।
বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলে উপেক্ষিত ছিলেন তিনি। তাই বলে বেকহাম কখনোই ইংল্যান্ডের জার্সি ফিরে পাওয়ার আশা ছেড়ে দেননি। এক সময় রিয়াল মাদ্রিদের প্রথম একাদশে অনিয়মিত হয়ে পড়লেও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের জোরে কোচ ফ্যাবিও ক্যাপেলোর আস্থাভাজন হয়েছেন। প্রথম একাদশে জায়গাটা পুনরুদ্ধার করে স্প্যানিশ লিগে চার বছর পর রিয়ালকে শিরোপা জয়ের স্বপ্নও দেখাচ্ছেন। তাই ব্রাজিলের বিপক্ষে দল ঘোষণার সময় বেকহামকে আর উপেক্ষা করতে পারেননি ইংল্যান্ডের কোচ স্টিভ ম্যাকলারেন। বেকহাম জাতীয় দলে ফিরলেন এবং তা রাজসিকভাবেই। প্রথমার্ধে তার সেই 'ট্রেডমার্ক' ফ্রিকিক একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। কিন্তু ৬৮ মিনিটে দলকে হতাশ করেননি। বেকহামের নিখুঁত এক ফ্রিকিকে দুর্দান্ত হেডে ইংল্যান্ডকে এগিয়ে দিয়েছেন অধিনায়ক জন টেরি।
প্রথমার্ধে কিছুটা রক্ষণাত্মক ঢংয়ে খেললেও বিরতির পর আক্রমনে উঠেছে দু দলই। তার ফলে গোলের সুযোগও সৃষ্টি হয়েছে। এর মধ্যে রোনালদিনহোর জোরালো শট ইংল্যান্ডের এক জন ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করলেও গোলকিপার রবিনসনকে ফাঁকি দিতে পারেনি, কাকার শট পোস্টের একটু বাইরে দিয়ে বেরিয়ে গেছে এবং বেকহামের ফ্রিকিক থেকে মাইকেল ওয়েনের হেড চলে গেছে ব্রাজিলের ক্রসবার উঁচিয়ে। তার পরই টেরির সেই গোলে ইংল্যান্ডের এগিয়ে যাবার আনন্দ। সেই আনন্দ যখন জয়োৎসবে পরিণত হতে যাচ্ছে ঠিক তখনই ডিয়েগোর গোল। ব্রাজিল অধিনায়ক জিলবার্তো সিলভার বাঁক খাওয়ানো এক ক্রস প্রায় শুয়ে পড়ে হেড করে ইংল্যান্ডের জালে পৌঁছে দিয়েছেন ডিয়েগো।
জয় না পেলেও ম্যাচ শেষে বেকহামের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে পড়েছেন ম্যাকলারেন,"তাকে দলে রাখার ব্যাপারে অনেকেই প্রশ্ন তুলেছিল। কিন্তু এ বছরের শুরু থেকে রিয়াল মাদ্রিদের পক্ষে তার পারফরম্যান্স অসাধারন। সে এখন পুরোপুরি ফিট এবং দলে জায়গা পাওয়াটা তার প্রাপ্য।" ইংল্যান্ডের গোলদাতা জন টেরি তো তার লক্ষ্যভেদের পূর্ণ কৃতিত্ব দিয়েছেন বেকহামকে,"আজ (শুক্রবার) ডেভিড একেবারে ভিন্ন ধারার ফুটবল খেলেছে। তার প্রত্যেকটা শট ছিল অসাধারণ। বেকসের (বেকহামের) দুর্দান্ত ফ্রিকিকের সৌজন্যেই আবার গোল করতে পেরেছি আমি।"
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/১৩১৯ ঘ.
bdnews24