লন্ডন, ৩১ মে (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)-- প্রীতি ম্যাচ হলেও এই ম্যাচের আবহে 'প্রীতিকর' অবস্থা খুঁজে পাওয়া বেশ কঠিন। সামনেই কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার সেরা ফুটবল টুর্নামেন্টের শিরোপা অক্ষুন্ন রাখার মিশন সফল করার প্রস্তুতির জন্য তাই ম্যাচটা ব্রাজিলের কাছে গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের কাছে ম্যাচটার গুরুত্ব আরো বেশি। 'ইওরো ২০০৮'এর বাছাইপর্বে দুরবস্থার মধ্যে থাকা ইংলিশরা ঘুরে দাঁড়াতে পারবে কি না, তার একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে এই ম্যাচের মাধ্যমে। প্রীতি ম্যাচের আদলে গুরুত্বপূর্ণ সেই লড়াইয়ে শুক্রবার লন্ডনের নিউ ওয়েম্বলিতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ব্রাজিল। ঐতিহ্যবাহী ওয়েম্বলির নতুন স্টেডিয়ামে এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ বলে লন্ডনের দর্শকদের কাছেও এর একটা আলাদা গুরুত্ব আছে।
এ মৌসুমে একটানা খেলে ক্লান্ত রোনালদিনহো ও কাকা ক' দিন আগে কোপা আমেরিকার দলে তাদের না রাখার আবেদন জানিয়েছিলেন। ব্রাজিলের কোচ সেই আবেদনে সাড়া দিয়ে দুই তারকাকে কোপা আমেরিকার জন্য ঘোষিত প্রাথমিক দলে রাখেননি। কিন্তু তার আগেই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটার জন্য রোনালদিনহো --- কাকাকে রেখেছেন ব্রাজিলের '৯৪ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। অর্থাৎ ব্রাজিলের আক্রমণভাগের দুই 'নিউক্লিয়াস' কিছুটা অনাগ্রহ নিয়ে নামতে পারেন নিউ ওয়েম্বলিতে।
তবে ডেভিড বেকহামকে নিয়ে সেই আশঙ্কা না থাকারই কথা। বিশ্বকাপের পর ইংল্যান্ড দলের দায়িত্ব নিয়ে সাবেক অধিনায়ককে ছেটে ফেলতে একটুও দ্বিধা করেননি স্টিভ ম্যাকলারেন। শুধু জাতীয় দলেই নয়, রিয়াল মাদ্রিদের প্রথম একাদশেও অনিয়মিত হয়ে পড়েছিলেন বেকহাম। তবে কঠোর পরিশ্রম করে আবার তিনি ফিরেছেন রিয়ালের সেরা একাদশে, দলের জয়ে অবদানও রাখছেন নিয়মিত। চার বছর পর রিয়াল যে স্প্যানিশ লিগের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে তার পেছনে বেকহামের অবদান প্রশ্নাতীত। আর সেজন্যই ইংল্যান্ডের অনেক জয়ের নায়ককে এবার আর উপেক্ষা করতে পারেননি ইংল্যান্ড কোচ ম্যাকলারেন। বেকহামের সঙ্গে সঙ্গে ইনজুরি কাটিয়ে মাইকেল ওয়েনও ফিরেছেন ইংল্যান্ড দলে। আর দু জনকে ফিরে পেয়ে ইংলিশরাও এখন দারুণ উজ্জীবিত।
তবে একটা ব্যাপারে অস্বস্তিতে থাকতেই হচ্ছে তাদের। ৬ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট পাওয়ায় 'ইওরো ২০০৮'এর বাছাইপর্বে ইংল্যান্ড এখন দারুণ বিপদে। আগামী বুধবার এস্তোনিয়ার বিপক্ষে তিন পয়েন্ট না পেলে সেই বিপদ তাদের বেড়ে যাবে আরো। এবং সবচেয়ে বড় কথা ম্যাকলারেনের চাকরিও তখন পড়ে যাবে হুমকির সামনে। অধিনায়ক জন টেরি অবশ্য পূর্ণ সমর্থন দিচ্ছেন তাদের কোচকে, "আমরা কোচের পেছনেই আছি। এবং তার চাকরি ধরে রাখার জন্য নিজেদের সেরাটাই ঢেলে দেবো।"
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/এসএইচ/২০১৮ ঘ.
bdnews24