ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) ---- বদলি বাতিল করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ সচিবের। বুধবার পরিষদ সচিব আমিনুল ইসলাম খানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বদলি করা হলেও বৃহস্পতিবার সেই নির্দেশ বাতিল করে তাকে আগের জায়গাতেই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাপন মন্ত্রণালয়।
এতে বড় ভূমিকা রেখেছে ক্রীড়াঙ্গনে গত ৫ মাসে তার ইতিবাচক কর্মকান্ড। আমিনুল ইসলাম খান ক্রীড়া পরিষদের সচিবের দায়িত্ব নিয়েছেন গত ১২ ডিসেম্বর। এরপর থেকে ক্রীড়াঙ্গনে সুস্থ, সুন্দর ফিরিয়ে আনার লক্ষ্যে তার কর্মকান্ড বিবেচনা করেই বদলি বাতিল করা হয়েছে এবং জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। আরেকটা বড় কারণ হচ্ছে, তাকে রেখে ক্রীড়া পরিষদের চলমান তদন্ত কাজ মসৃণ করা।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসবি/২২১৩ঘ.
bdnews24