২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঝপথের দলবদলেও বিপাকে আবাহনী

পেশাদার ফুটবল লিগের মাঝপথের দলবদলে অন্যরা নতুন খেলোয়াড়দের নিশ্চিত করে ফেললেও বেশ বেকায়দায় পড়েছে ঢাকা আবাহনী। বুধবার দলবদলের শেষ রাতেও তারা দুই বিদেশীর অপেক্ষায় ছিল বিমানবন্দরে। দলবদল শেষে বৃহস্পতিবার থেকে আবার বি. লিগ শুরু হচ্ছে মুক্তিযোদ্ধা ---- চট্টগ্রাম মোহামেডানের ম্যাচ দিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 04:21 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম ) ---- পেশাদার ফুটবল লিগের মাঝপথের দলবদলে অন্যরা নতুন খেলোয়াড়দের নিশ্চিত করে ফেললেও বেশ বেকায়দায় পড়েছে ঢাকা আবাহনী। বুধবার দলবদলের শেষ রাতেও তারা দুই বিদেশীর অপেক্ষায় ছিল বিমানবন্দরে। দলবদল শেষে বৃহস্পতিবার থেকে আবার বি. লিগ শুরু হচ্ছে মুক্তিযোদ্ধা ---- চট্টগ্রাম মোহামেডানের ম্যাচ দিয়ে। রাত নয়টা পর্যন্তও বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নতুন খেলোয়াড়দের নাম পাঠাতে পারেনি প্রথম লেগ শেষে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আবাহনী। ক্লাব কর্তারা তখনো বিদেশী এনডেম ও জেরেমাইয়ার জন্য অপেক্ষায় ছিলেন। কয়েকদিন ধরে তাদের আসার কথা শোনা গেলেও বুধবার সন্ধ্যা পর্যন্ত তারা ঢাকায় পৌঁছাননি। দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু জানিয়েছেন, "আজ রাতের কলকাতা --- ঢাকার শেষ বিমান পর্যন্ত দেখবো এই দুজন আসে কিনা। না এলে আমরা নতুন তালিকা পাঠিয়ে দেবো বাফুফের কাছে।" এই তালিকায় আছেন নতুন দুই বিদেশী ----- ক্যামেরুনের স্ট্রাইকার ওভি মাইকেল জন ও মরক্কোর মিডফিল্ডার খোবাশে মোহাম্মদ। প্রথম লেগে শেখ রাসেলে খেলা খোবাশেকে দ্বিতীয় লেগে দেখা যাবে ধানমন্ডির এই ক্লাবে। বি. লিগের শুরু থেকেই আবাহনী বিদেশীদের নিয়ে বিপাকে আছে। তিন আর্জেন্টাইনকে নিয়ে এলেও তারা সানচেজ ও পেরোডির খেলায় সন্তুষ্ট ছিল না। তাই তাদের ছেড়ে দিয়েছে। কিন্তু তাদের সঙ্গে দেশে ফিরে গেছেন পছন্দ হওয়া তৃতীয় আর্জেন্টাইন ক্যাপোরেলেও। অবশ্য এই ডিফেন্ডার আবার ফিরে আসবেন বলেই আবাহনী আশা করছে। তৃতীয় স্থানে থাকা মুক্তিযোদ্ধার জন্য দুঃসংবাদ হচ্ছে দেশের এক নম্বর গোলরক্ষক আমিনুল হক খেলতে পারবেন না দ্বিতীয় লেগেও। ইনজুরির জন্য প্রথম লেগ খেলতে না পারা এই গোলরক্ষক নিজের মুখেই বলেছেন, "এই মৌসুম খেলা হচ্ছে না আমার। সুস্থ হয়ে প্র্যাকটিস শুরুর পর আবার ইনজুরিতে না পড়লে খেলতে পারতাম।" তাই নূরে আলম নামের নতুন এক গোলরক্ষককে নিয়েছে তারা। নিয়েছে চট্টগ্রাম আবাহনীর জনি ও ক্যামেরুনের কুমকে। এছাড়া পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা রহমতগঞ্জ ৭ জনকে নিয়ে মধ্যবর্তী দলবদল শেষ করেছে। প্রথম লেগে মোহামেডানে খেলা আরাফাত রনি ও নাইজেরিয়ান ফ্রান্সিসকে নিয়েছে তারা। নিয়েছে আরো তিন নাইজেরিয়ান আদেয়মো, ফ্লিক্স ও চার্লসকে এবং বাকি দুজন দেশী খেলোয়াড় ---- মামুন ও রাসেল আনসারী। চট্টগ্রাম আবাহনী নিয়েছে ৬ জনকে। তারা নেপাল থেকে নিয়ে এসেছে সন্তোষ ও সুরেন্দ্র কুমারকে আর লাইবেরিয়ান ফুটবলার আছে দুজন---- স্যামুয়েল টাম্বা ও ওথেলো। বাকি দুজন স্বদেশী আনিসুর রহমান ও মনির হোসেন। আরামবাগ নিয়েছে হাসান চৌধুরী, তারেক হোসেন খান রতন ও গোলরক্ষক বিপ্লব কুমারকে। ফরাশগঞ্জ নিয়েছে দুই বিদেশী, ঘানার কামোতে আমোদু ও নাইজেরিয়ার পুমাকে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসবি/এএআর/২২০৭ ঘ.