ব্রাজিলের কোপা আমেরিকার দলে নেই রোনালদিনহো ও কাকা
“এ মৌসুমে একটানা খেলার জন্য আমি ক্লান্ত। তাই কোপা আমেরিকার দলে আমাকে না রাখার অনুরোধ জানাচ্ছি”-ব্রাজিলের ফুটবল ফেডারেশনের কাছে ক’ দিন আগে এক সুরে আবেদন জানিয়েছিলেন তারা দু জনে।
রোনালদিনহো ও কাকা সেই অনুরোধে ইতিবাচক সাড়া পাবেন কি না, তা নিয়ে কিন্তু একটা সংশয় ছিলই। কারণ শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে এক প্রীতি ম্যাচে দু তারকাকেই দলে রেখেছেন ব্রাজিলের কোচ ডুঙ্গা। তবে মঙ্গলবার দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদার ফুটবল টুর্নামেন্টের জন্য ঘোষিত ব্রাজিলের ৩৪ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়নি রোনালদিনহো ও কাকার কাউকেই।
বিশ্বকাপের পর থেকে ব্রাজিল দলে উপেক্ষিত তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদোর ওপরেও আস্থা রাখেননি ডুঙ্গা। অর্থাৎ ‘দ্য ফেনোমেনন’ এর জাতীয় দলে ফেরার প্রতীক্ষা দীর্ঘ হল আরো। তিন বছর আগে সর্বশেষ টুর্নামেন্টে ব্রাজিলের শিরোপা জয়ের অন্যতম রূপকার আদ্রিয়ানোকেও রাখা হয়নি প্রাথমিক দলে । তবে রিয়াল মাদ্রিদ তারকা রবিনহো এবং এবার জার্মানির ঘরোয়া ফুটবলে বর্ষসেরা নির্বাচিত ওয়ার্ডার ব্রেমেনের ডিয়েগো আছেন এই দলে।
আগামী ২৬ জুন ভেনেজুয়েলায় শুরু হবে এবারের কোপা আমেরিকা। পর দিন ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো। এই গ্রুপের অন্য দুই দল চিলি ও ইকুয়েডর।
