ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কোনো উপায় না দেখে ফুটবলের জটিলতা নিরসনের জন্য অবশেষে দুজন দূত নিয়োগ করেছে জাতীয় ক্রীড়াপরিষদ।
দূত দুজন হলেন, জাতীয় ক্রীড়াপরিষদ থেকে মনোনীত ফুটবল ফেডারেশনের কাউন্সিলর শেখ মোহাম্মদ আসলাম ও কায়সার হামিদ। দুই সাবেক ফুটবলারকে ডেকে সোমবার আলোচনা করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম খান। তিনি জানিয়েছেন, "ক্রীড়া উপদেষ্টা মহোদয়ই ওনাদের দিয়ে জটিলতা নিরসনের উদ্যোগ নিতে বলেছেন। সত্যি করে বললে ফুটবলের অবস্থা তো এখন খুব খারাপ। অবস্থা ফেরানোর জন্য এখন ফুটবল সংশ্লিষ্ট সবাইকে দরকার।" সেজন্যই সরকার একটা ঐকমত্যের কমিটি গঠনের জন্য সবার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন এই দুজনকে।
২৯ জুন হওয়ার কথা ছিল বাফুফের নির্বাচন। কিন্ত ফিফার চিঠিতে তা স্থগিত হয়ে গেছে। কী কারণে বাফুফে নির্বাচন স্থগিত করতে বলেছে তা জানতে বাফুফে সভাপতি এস এ সুলতান, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এবং সিনিয়র সহ সভাপতি মনির আহমেদ মঙ্গলবার সকালে জুরিখের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা সেখানে ফিফা ও এএফসি কর্তাদের সঙ্গে সভা করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/১৯৫৪ ঘ.
bdnews24