স্প্যানিশ লিগে জিতেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা দুদলই
আর মাত্র দুটো জয় চাই। আর তা হলেই চার বছর পর স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’র শিরোপা ফিরে পাবে রিয়াল মাদ্রিদ। শনিবার স্প্যানিশ লিগে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় দিয়ে সেই লক্ষ্যের পথে বড় এক পদক্ষেপ রেখেছে তারা। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাও অবশ্য জিতেছে এদিন।
তবে রিয়ালের সঙ্গে সমান গতিতে এগিয়ে চলা বার্সেলোনার জয়টা এত সহজে আসেনি। গেটাফের সঙ্গে শুরুতেই রোনালদিনহোর গোল অবশ্য বড় ব্যবধানে জয়েরই ইঙ্গিত দিয়েছিল। কিন্তু বিরতির কিছুক্ষণ আগে ঐ রোনালদিনহো লালকার্ড পেয়ে বিপদেই ফেলে দিয়েছেন গত দু বারের চ্যাম্পিয়নদের। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে। ১-০ গোলে জয় দিয়ে রিয়ালের সমান ৭২ পয়েন্ট নিয়ে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ‘বার্সা’। যদিও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা যথারীতি রিয়ালেরই দখলে। ‘প্রিমেরা লিগা’র আর মাত্র দুই রাউন্ড বাকি।
রিয়ালের মতো ডেভিড বেকহামের সামনেও এখন একটাই লক্ষ্য-স্প্যানিশ লিগের শিরোপা জয়। চার বছর আগে ইওরোপের সফলতম ক্লাবটিতে যোগ দেয়ার এখন পর্যন্ত কোনো শিরোপার মধুর স্বাদ পাননি। রিয়ালের জার্সি গায়ে শেষ মৌসুমে সেই অপূর্ণতা তো তিনি পূরণ করতে চাইবেনই! আগের দিন প্রায় এক বছর পর ইংল্যান্ড জাতীয় দলে ফেরার সুসংবাদ পেয়ে উজ্জীবিত বেকহাম শনিবার দেপোর্তিভোর রক্ষণভাগের সামনে আবির্ভূত হয়েছেন ত্রাস হিসাবে। দলের প্রথম দু গোলেরই উৎস তার দুটি দুর্দান্ত ক্রস।
২৯ মিনিটে রিয়ালের প্রথম গোলটা অবশ্য জন্ম দিয়েছে বিতর্কের। বেকহামের ক্রস দেপোর্তিভোর পোস্টের ঠিক সামনে বাহু দিয়ে ঠেকিয়েছেন রুড ফন নিস্টলরয়। দেপোর্তিভোর খেলোয়াড়রা হ্যান্ডবলের আবেদন করলেও রেফারি তাতে কর্ণপাত করেননি। ঐ আক্রমণ থেকেই সার্জিও র্যামোসের গোল এগিয়ে দিয়েছে রিয়ালকে।
দ্বিতীয়ার্ধের শুরুতে বেকহামের অসাধারণ এক ফ্রিকিক প্রতিপক্ষের সাইডপোস্টে লেগে ফিরে না এলে ব্যবধানটা ২-০ হতে পারতো। তা হয়নি, বরং ৫৫ মিনিটে হোয়ান ক্যাপদেভিয়ার লক্ষ্যভেদে সমতা ফিরিয়ে এনেছে দেপোর্তিভো। তবে দু মিনিট পরই বেকহামের আরেকটি চোখধাঁধানো ক্রসে মাথা ছুঁইয়ে রিয়ালকে আবার এগিয়ে দিয়েছেন অধিনায়ক রাউল। আর ৭৫ মিনিটে নিস্টলরয়ের গোল নিশ্চিত করে দিয়েছে জয়। ২৩টি গোল নিয়ে এই ডাচ স্ট্রাইকারই এখন লিগের সর্বোচ্চ গোলদাতা।
ন্যু ক্যাম্পে দ্বিতীয় মিনিটেই এগিয়ে গেছে বার্সেলোনা। লিওনেল মেসির গড়া আক্রমণ থেকে বল পেয়ে রোনালদিনহোকে বাড়িয়েছেন স্যামুয়েল এ’তো। বক্সের ভেতর থেকে গেটাফের জালে বল পৌঁছে দিতে বিন্দু মাত্র সমস্যা হয়নি রোনালদিনহোর। ৩৯ মিনিটে কিন্তু এই ব্রাজিলিয়ান তারকাই মাথা গরম করে বিপদে ফেলে দিয়েছেন দলকে। বল দখলের সময় গেটাফের ডিফেন্ডার ডেভিড বেলেনগার ফাউল করেছেন রোনালদিনহোকে। রেফারি ফাউলের বাঁশিও বাজিয়েছেন। কিন্তু শুয়ে থাকা অবস্থাতেই বেলেনগারকে পেছন থেকে লাথি মেরেছেন ক্ষুব্ধ, ক্রুদ্ধ রোনালদিনহো। সঙ্গে সঙ্গেই লালকার্ড!
১০ জন নিয়ে খেলেও দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করে গেছে বার্সেলোনা। কিন্তু সেগুলো থেকে আর কোনো গোলের জন্ম হয়নি। শেষ দিকে অবশ্য গেটাফেও আক্রমণ করেছে। তবে ‘বার্সা’ গোলকিপার ভিক্টর ভালদেসের দৃঢ়তায় তারা আর ম্যাচে ফিরতে পারেনি। আর সেজন্যই ক’দিন আগে স্প্যানিশ কিংস কাপের সেমিফাইনালে গেটাফের কাছে ০-৪ গোলে পরাজয়ের প্রতিশোধ নিতে পেরেছে ফ্র্যাঙ্ক রাইকার্ডের দল।
রিয়াল-বার্সেলোনা জয় পেলেও আরেক সাবেক চ্যাম্পিয়ন ভ্যালেন্সিয়া ২-৩ গোলে হেরে গেছে ভিলারিয়ালের কাছে। ফলে ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা ভ্যালেন্সিয়ার এবারের মতো শেষ হয়ে গেছে স্প্যানিশ লিগের শিরোপা জয়ের স্বপ্ন।
