প্রায় এক বছর পর ইংল্যান্ড দলে বেকহাম
ডেভিড বেকহামের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ - অনেক দিন ধরেই বিশ্ব ফুটবলে এমন গুঞ্জন ছিল। তবে সেই গুঞ্জন এখন আর নেই। প্রায় এক বছর পর আবার ইংল্যান্ড দলে ফিরেছেন এই তারকা মিডফিল্ডার। আগামী শুক্রবার ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ ও ৬ জুন এস্তোনিয়ার সঙ্গে ‘ইওরো ২০০৮’ - এর বাছাইপর্বের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে রাখা হয়েছে তাকে। গত বিশ্বকাপের পর জাতীয় দলে ফেরা বেকহাম এই প্রথম স্টিভ ম্যাকলারেনের অধীনে খেলতে যাচ্ছেন।
জার্মানি বিশ্বকাপের পর ইংল্যান্ড দলের কোচ হয়ে প্রথমেই বেকহামকে বাদ দিয়েছিলেন ম্যাকলারেন। কারণ হিসাবে জানিয়েছিলেন বেকহামের বাজে ফর্ম। এর মধ্যে ইংল্যান্ড ইওরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব ও প্রীতি ম্যাচ মিলিয়ে অনেকগুলো ম্যাচ খেললেও তাদের সাবেক অধিনায়কের ভাগ্যে শিকে ছিঁড়েনি। তবে এ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর বেকহামের দিক থেকে আর মুখ ফিরিয়ে থাকতে পারেননি ম্যাকলারেন। অভিজ্ঞতাই যে বেকহামকে দলে ফিরতে সাহায্য করেছে সেটাও জানিয়েছেন ইংল্যান্ড কোচ,“এই মুহূর্তে আমার মনে হচ্ছে এস্তোনিয়াকে হারাতে হলে আমাদের অভিজ্ঞতার দরকার। ডেভিডের (বেকহামের) অবশ্যই তা আছে। এবং তার ফর্মও এখন খুব ভালো। আমার মনে হয়েছে এস্তোনিয়ার মাটিতে জয় পেতে সে আমাদের সাহায্য করতে পারবে। সেজন্যই তাকে নিয়েছি আমি। ক্যারিয়ারের শুরু থেকেই সে পেশাদারি মনোভাব দেখিয়ে আসছে। সে ফর্ম ফিরে পেয়েছে আর তাই এই সুযোগটা তার প্রাপ্য।”
বেকহামের মতোই হাঁটুর ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের পর ইংল্যান্ড দলে ফিরেছেন স্ট্রাইকার মাইকেল ওয়েন। মিডফিল্ডার জো কোলেরও প্রত্যাবর্তন হয়েছে জাতীয় দলে। সব মিলিয়ে শক্তিশালী এক দল নিয়েই ব্রাজিল ও এস্তোনিয়ার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড।
