২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুর প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিলো এসি মিলান

এক দলের প্রেরণা ছিল দু বছর আগের সেই অবিস্মরণীয় ম্যাচের সুখস্মৃতি। অন্য দলের বুকে দাউ দাউ করে জ্বলছিল প্রতিশোধের আগুন। কিন্তু ভালো খেলেও সেই স্মৃতির ওপর সাফল্যের আরেকটি মিনার গড়তে পারেনি লিভারপুল। বুধবার এথেন্সের অলিম্পিক স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের ২ --- ১ গোলে হারিয়ে প্রতিশোধটা ভালোমতোই নিয়েছে এসি মিলান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 06:54 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

২০০৫ সালে ইওরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের ফাইনালে এই লিভারপুলের বিপক্ষেই প্রথমার্ধে ৩ ---- ০ গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি এসি মিলান। সেবার ইতালির ‘জায়ান্ট’ ক্লাবটিকে হতাশায় ডুবিয়ে বিরতির পর মাত্র ৬ মিনিটে তিনটি গোলই শোধ করে শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচ জিতে নিয়েছিল লিভারপুল। মিলান ও লিভারপুলের এবারের ফাইনালে ওঠা নিশ্চিত হওয়ার পর থেকে তাই ফুটবলপ্রেমীদের মনে ভীড় করে আসছিল দু বছর আগের এথেন্সের সেই ফাইনালের স্মৃতি। ফিলিপ্পো ইনজাগির দুই গোলে সপ্তম বারের মতো টুর্নামেন্টের শিরোপা জিতে সেদিনের দুঃস্মৃতিকে অবশেষে মাটিচাপা দিলো মিলান। 

অথচ ম্যাচের আগের দিনও ইনজাগির প্রথম একাদশে থাকার সম্ভাবনা ছিল প্রশ্নবিদ্ধ। না, চোটজনিত সমস্যা নয়, পারফরম্যান্সের কারণেই। ইনজাগি ও জিলার্দিনোর মধ্যে কাকে স্ট্রাইকার হিসাবে খেলাবেন, তা নিয়ে বেশ সংশয়ে ছিলেন কোচ কার্লো অ্যানচেলত্তি। অনেক ভেবেচিন্তে ৩৩ বছর বয়সী ইনজাগিকেই রাখা হলো প্রথম একাদশে এবং শেষ পর্যন্ত তিনিই মিলানের জয়ের নায়ক।

ম্যাচের গতিপ্রকৃতি অনুযায়ী লিভারপুলেরই জেতা উচিৎ ছিল। বলের দখল, আক্রমণ সব কিছুতেই তারা এগিয়ে ছিল মিলানের চেয়ে। প্রথমার্ধে তো তারা বলতে গেলে একচেটিয়াই খেলেছে। কিন্তু খেলার ধারার বিরুদ্ধে বিরতির ঠিক আগে আন্দ্রিয়া পির্লোর ফ্রিকিক থেকে বল ইনজাগির হাতের ওপরের দিকে লেগে দিক পরিবর্তন করলে ধোঁকা খেয়ে যান লিভারপুলের গোলরক্ষক, ১ --- ০ গোলে এগিয়ে যায় মিলান।

৬৩ মিনিটে স্টিভেন জেরার্ড একটা অমার্জনীয় ভুল না করলে তখনই ম্যাচে ফিরতে পারতো ‘অলরেড’রা। গোলরক্ষককে একা পেয়েও তিনি বেশ দুর্বল শট নেয়ায় সহজেই তা ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক দিদা। তারপরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল লিভারপুলেরই হাতে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টো ৮২ মিনিটে কাকার পাস থেকে ইনজাগির আরেকটি গোল ০ ---- ২ ব্যবধানে পিছিয়ে  দেয় তাদের। শেষ মুহূর্তে ডার্ক কুট একটি গোল  শোধ করেছেন ঠিকই, তবে তা মিলানের শিরোপার পথে বাধা হতে পারেনি।