২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে অনাস্থা

হুমকির মুখে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি। ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন সাধারণ পরিষদের অধিকাংশ সদস্য। নিজেদের অনাস্থার কথা জানিয়ে গত ১৬ মে ফেডারেশনের ৭০ জন কাউন্সিলর জাতীয় ক্রীড়া পরিষদের কাছে চিঠি দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 04:22 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

তাদের দেওয়া অনাস্থা -- পত্রে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপনের ‘অযোগ্যতা’র কথা বলা হয়েছে। তিনি (তপন) সপ্তাহে একদিনের বেশি অফিস করেন না এবং গত বছর ফেডারেশনের ৪ টি টুর্নামেন্টের মধ্যে ৩ টিই আয়োজন করতে পারেননি ---- এই দুটো বিষয় উল্লেখ করা হয়েছে সেখানে। এছাড়া তপনকে  টাঙ্গাইলের ছাত্রলীগ নেতা বাপ্পী হত্যা মামলার আসামী ও যৌথবাহিনীর অভিযানে আটক এবং জেলখাটা আসামী হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানে।

তপনের পাশাপাশি তারা ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুর রশিদের বিরুদ্ধে তুলেছেন জালিয়াতির অভিযোগ। তাদের মতে, ‘ভুয়া’ কাউন্সিলর হয়েই তিনি অ্যাথলেটিকস ফেডারেশনে এসেছেন। কেননা, কুষ্টিয়ার লোক হয়েও রশিদ কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ভুয়া প্যাড --- সিল ব্যবহার করে নিজেকে কাউন্সিলর বানিয়েছেন।

এসব ব্যর্থতা এবং অযোগ্যতার কথা উল্লেখ করে অ্যাথলেটিকস ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে অনাস্থা এনেছেন ৭০ জন কাউন্সিলর। নির্বাহী কমিটির ৯ জন সদস্যও আছেন তাদের মধ্যে।

এই চিঠি পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদ একটি তদন্ত কমিটি গড়ার উদ্যোগ নিচ্ছে, এমনই জানিয়েছেন পরিষদ সচিব আমিনুল ইসলাম খান।