এথেন্সে ফিরে আসছে ইস্তানবুলের স্মৃতি
দু বছর আগের ইস্তানবুলের সেই দুঃস্বপ্নে ভরা রাতটা আজো নিশ্চয়ই ভুলতে পারেনি এসি মিলান! চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সেদিন প্রথমার্ধে ৩ ---- ০ এগিয়ে গিয়েও জিততে পারেনি ইতালির ‘জায়ান্ট’ ক্লাবটি। বিরতির পর মাত্র ছয় মিনিটের ব্যবধানে তিনটি গোলই শোধ করে শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচটা জিতে নিয়েছিল লিভারপুল। বুধবার এথেন্সের অলিম্পিক স্টেডিয়ামে আরেকটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সেই লিভারপুলের মুখোমুখি হওয়ার সময় সেদিনের দুঃস্মৃতি কি তাড়া করবে না মিলানকে?
লিভারপুলের ডাচ ফরোয়ার্ড ডার্ক কুইট দু বছর আগে ফেইনুর্ডের হয়ে খেলতেন। ‘অল রেড’দের সঙ্গে সেদিন বিজয়োৎসবে মেতে ওঠার সুযোগ পাননি ঠিকই, কিন্তু সেই অবিস্মরণীয় ফাইনালটার কথাও ভুলতে পারেননি তিনি,“৩ --- ০ গোলে এগিয়ে থাকার সময় মিলানের সব খেয়োয়াড়কে দারুণ সুখী দেখাচ্ছিল। মনে হচ্ছিল ম্যাচ শেষ হয়ে গেছে। তার পর জন্ম হল কয়েকটা অবিশ্বাস্য ঘটনার। একটা অলৌকিক, ফুটবল মাঠে ঘটা অন্যতম অবিস্মরণীয় ঘটনার সৃষ্টি হল এর পর। তবে আমি মনে করি না আবার সেই ধরনের কোনো ঘটনার জন্ম হবে।”
সেই অবিশ্বাস্য ফাইনালের কথা ফুটবলপ্রেমীরা কোনো দিন ভুলতে পারবেন না। তেমনি ভোলা যাবে না পাওলো মালদিনিকেও। সর্বকালের অন্যতম সেরা লেফট ব্যাক এই ৩৮ বছর বয়সেও খেলে যাচ্ছেন দৃঢ়তার সঙ্গে। ক্যারিয়ারের শুরু থেকে মিলানের হয়ে খেলছেন, মিলানের তো তিনি ‘ঘরের ছেলে’! ইওরোপিয়ান ক্লাব কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে এটা হতে যাচ্ছে তার অষ্টম ফাইনালে। অথচ তার ঠিক আগে হাঁটুর চোটের শুশ্রƒষা করতে হচ্ছে মালদিনিকে। সেজন্য মিলানের কোচ কার্লো অ্যানচেলত্তি স্বাভাবিকভাবেই বেশ দুশ্চিন্তায়। স্ট্রাইকার হিসাবে কাকে খেলাবেন, তা নিয়েও অনিশ্চয়তার মধ্যে তিনি,“আমি ইতিমধ্যেই আমার দল ঘোষণা করে দিয়েছি। শুধু মালদিনির জন্যই অপেক্ষা করতে হচ্ছে আমাকে। সিদ্ধান্ত নিতে হবে স্ট্রাইকার সম্পর্কেও। আলবার্তো জিলার্দিনোর চেয়ে ফিলিপ্পো ইনজাগি বেশি গোল করেছে এ মৌসুমে। তবে মাঠে জিলার্দিনোর অন্যদের সহযোগিতা করার ক্ষমতা অপেক্ষাকৃত ভাল।”
দু বছর আগের সেই ফাইনালের কথা ভুলে যাননি রাফায়েল বেনিটেজও। তবে লিভারপুল কোচের বিশ্বাস, সেদিনের চেয়ে তার দল এখন আরো বেশি অভিজ্ঞ, পরিপক্ক,“সেদিন ইস্তানবুলে প্রথমার্ধে আমরা বুঝেছিলাম মিলান কি দুর্দান্ত এক দল। তবে এই সময়ে আমরাও অনেকখানি এগিয়েছি। দু বছরে আমাদের অভিজ্ঞতার ভান্ডার আরো সমৃদ্ধ হয়েছে।” অবশ্য সেমিফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মিলানের ৩ --- ০ গোলে জয় দেখেও তিনি দুশ্চিন্তায় আক্রান্ত,“বলতে বাধ্য হচ্ছি যে এবার তাদের হারানো অনেক বেশি কঠিন হবে আমাদের জন্য। তারা এখন আরো বেশি ভারসাম্যপূর্ণ দল। তাদের রয়েছে ভাল, অভিজ্ঞ কয়েক জন ডিফেন্ডার। এবং মিলানের মিডফিল্ডও দারুণ শক্তিশালী।”
মিলানের সামনে শিরোপা জিতে দু বছর আগের সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ার ‘মিশন’। লিভারপুলের লক্ষ্য ইস্তানবুলের রাতটাকে এথেন্সেও ফিরিয়ে আনা। সব মিলিয়ে এথেন্সের অলিম্পিক স্টেডিয়ামে জমজমাট এক ফুটবল --- যুদ্ধের মঞ্চ প্রস্তুত।
