যুব ফুটবলে সাতক্ষীরা ও টাঙ্গাইলের জয়
ওয়েস্টার্ন ইউনিয়ন জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে সাতক্ষীরা ও টাঙ্গাইল জিতেছে। সোমবার সাতক্ষীরা স্টেডিয়ামে স্বাগতিকরা ১---০ গোলে হারিয়েছে খুলনা জেলাকে।
প্রচন্ড বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলে সাতক্ষীরা। ২২ মিনিটে গোল করেছেন বিন্দু সরকার। এরপর ব্যবধান বাড়ানোরও সুযোগ পায় তারা। তবে ৩৩ মিনিটে চপলের শট খুলনার পোস্টে লেগে ফিরে আসে এবং ৮৪ মিনিটে জহিরের শট গোলপোস্টের সামনে কাদায় আটকে যায়। অন্য ম্যাচে টাঙ্গাইল ২----০ গোলে নরসিংদীকে হারিয়েছে। ২৭ মিনিটে রফিকুল ইসলাম ও ৬৭ মিনিটে লিটন বর্মন গোল করেছেন।
