হাজার গোলের মাইল ফলক ছুঁলেন রোমারিও!
পরিসংখ্যানবিদদের হিসাবের সঙ্গে হয়তো মিলবে না, তবে রোমারিওর নিজের হিসাবটা সব সময়ই অন্য রকম। আর সেই হিসাবে হাজার গোলের মাইলফলকটা ছুঁয়েই ফেললেন ব্রাজিলের এই স্ট্রাইকার! রোববার ব্রাজিলিয়ান লিগ চ্যাম্পিয়নশিপে স্পোর্ট রেসিফের বিপক্ষে ভাস্কো দা গামার ৩---১ গোলের জয়ে একটি গোল করেছেন তিনি, সেটাই ছিল তার ক্যারিয়ারের এক হাজারতম গোল!
এই গোলের পর ভাস্কোর ওয়েবসাইটে প্রকাশিত রোমারিওর গোলের তালিকা অবশ্য বলছে এর মধ্যে দুশরও বেশি গোল আসলে বয়সভিত্তিক দলের হয়ে কিংবা প্রতিযোগিতামূলক নয় এমন সব ম্যাচে করা।
তবে ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের এই স্ট্রাইকার অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন এই মুহূর্তটির। মার্চে তার হিসাবে ৯৯৮তম গোলটি করার পর থেকে অপেক্ষায় ছিলেন তার সমর্থক আর সাংবাদিকরাও। রোমারিওর হাজার গোল পূর্ণ করার পর তারা সব মাঠে ঢুকে পড়ায় এদিন ১৬ মিনিট মতো বন্ধ রাখতে হয়েছিল খেলা।
