২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল --- বার্সার জয়, স্প্যানিশ লিগে জমজমাট লড়াই

স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’র আর মাত্র তিন রাউন্ড বাকি। অথচ এখনো শীর্ষ দু দলের সমান পয়েন্ট! রোববার দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা নিজেদের ম্যাচে জয় পাওয়ায় পয়েন্ট তালিকায় কোনো পরিবর্তন আসেনি। আর সেজন্যই বিশ্বের অন্যতম সেরা ফুটবল লিগে এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 07:32 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

রোববার অ্যাটলেটিকো মাদ্রিদকে ৬ --- ০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে স্প্যানিশ লিগে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বার্সেলোনা। লিওনেল মেসি করেছেন দুই গোল। একটি করে গোল রোনালদিনহো, স্যামুয়েল এ'তো, জিয়ানলুকা জামব্রোত্তা ও আন্দ্রেস ইনিয়েস্তার। রিক্রিয়েটিভো হেলভার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয় অবশ্য এত সহজে আসেনি। রবিনহো ও রুড ফন নিস্টলরয়ের পেনাল্টি গোল এক সময় ২ --- ০ ব্যবধানে এগিয়ে দিয়েছিল স্পেনের সফলতম ক্লাবকে। কিন্তু দুটো গোলই শোধ করে রিয়ালকে ভয়ই পাইয়ে দিয়েছিল রিক্রিয়েটিভো। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে রবার্তো কার্লোসের লক্ষ্যভেদ জয় এনে দেয়ার পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও অক্ষুন্ন রাখে রিয়ালের। ৩৫ ম্যাচ থেকে রিয়াল ও বার্সেলোনার সমান ৬৯ পয়েন্ট। তবে মুখোমুখি দুটো লড়াইয়ে এগিয়ে থাকায় (একটি জয় ও অন্যটি ড্র) শীর্ষে রয়েছে রিয়াল।

দুই পয়েন্ট কম নিয়ে দু দলের ঠিক পেছনে যথারীতি সেভিয়া। রোববার উয়েফা কাপ চ্যাম্পিয়নরা ২ --- ১ গোলে হারিয়েছে দেপোর্তিভো লা করুনাকে। ভ্যালেন্সিয়াও ধরে রেখেছে চতুর্থ স্থান। শনিবার রিয়াল মায়োর্কাকে ১ --- ০ গোলে হারানো ভ্যালেন্সিয়ার সংগ্রহ ৬৫ পয়েন্ট।

এদিকে পর্তুগিজ লিগে শিরোপা অক্ষুন্ন রেখেছে পোর্তো। রোববার শেষ ম্যাচে দেসপোর্তিভো আভেসকে ৪ ---- ১ গোলে হারিয়ে তারা নিশ্চিত করেছে ২২তম শিরোপা জয়। পোর্তোর চেয়ে মাত্র এক পয়েন্ট কম নিয়ে রানার্স আপ হয়েছে স্পোর্টিং লিসবন।