২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফার চিঠিতে বাফুফের নির্বাচন স্থগিত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন পেছাতে পেছাতে অবশেষে স্থগিতই হয়ে গেল। ফিফার পাঠানো চিঠির প্রেক্ষিতে রোববার এক জরুরী সভায় বসে বাফুফে কর্তারা নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 09:30 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বেশ কয়েকবার পিছিয়ে দেয়ার পর নির্বাচনের সর্বশেষ তারিখ নির্ধারিত হয়েছিল ২৩ জুন। কিন্তু গত ১৮ মে ফিফার পাঠানো চিঠিটি সব ভন্ডুল করে দিয়েছে। তাতে কী লেখা আছে জানতে চাইলে বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বললেন, “গঠনতন্ত্র নিয়ে ফিফার কিছু জানার আছে। এছাড়া সিদ্ধান্ত না হওয়া কিছু বিষয়ও আছে। এ কারণেই ফিফা  আপতত নির্বাচন স্থগিত করতে বলেছে।”

মজার ব্যাপার হল, এই গঠনতন্ত্র নিয়ে দীর্ঘ দিন বাফুফে, ফিফা ও এএফসির মধ্যে চিঠি চালাচালি হয়। তারপর গত ২৬ ডিসেম্বরে বাফুফের বার্ষিক সাধারণ সভায় তা অনুমোদনও হয়। ঐ সভার পর আনোয়ারুল হক হেলাল জানিয়েছিলেন, “বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন গঠনতন্ত্র ফিফা ও এএফসি অনুমোদন করেছে।” এরপর বাফুফের বার্ষিক সাধারণ সভায়ও তা অনুমোদন হয়। কিছুদিন আগে যে গঠনতন্ত্র ফিফা----এএফসির অনুমোদন পেয়েছে সেটা নিয়েই তাদের জিজ্ঞাসা থাকবে কেন ? বাফুফে সম্পাদকের জবাব, “আমি কী করে বলবো ?”

তবে এ মাসের প্রথম সপ্তাহে বাফুফে সভাপতি ও সাধারণ সম্পাদকের মালয়েশিয়ায় এএফসি সদর দপ্তরে যাওয়ার সঙ্গে এই চিঠির সম্পর্ক আছে বলে অনেকের ধারণা। সেটা বাফুফে কর্তারা উড়িয়ে দিলেও আগামী ২৮ মে তারা জুরিখে যাবেন সভা করতে। ফিফার সদর দপ্তরে ত্রিপক্ষীয় সভায় ফিফা, এএফসি ও বাফুফে কর্তারা উপস্থিত থাকবেন। বিষয় ওই চিঠি ও ফিফার জিজ্ঞাসা।