সিরি 'এ' তে ফিরে এলো জুভেন্টাস
ইতালির প্রথম বিভাগ ফুটবল লিগ সিরি ‘এ'তে ফেরার জন্য মাত্র এক মৌসুম সময় নিল জুভেন্টাস। ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগে আগের দুই মৌসুমের শিরোপা কেড়ে নেয়ার পাশাপাশি সিরি ‘বি'তে নামিয়ে দেয়া হয়েছিল তাদের। সেই সঙ্গে কেটে নেয়া হয়েছিল ৯ পয়েন্ট। তবে এই সব ‘অপমান’কে ধূলোয় মিটিয়ে দিতে একদমই সময় নেয়নি ‘জুভ’। শনিবার সিরি 'বি' তে আরেজ্জোকে ৫ ---- ১ গোলে উড়িয়ে দিয়ে ৩ ম্যাচ হাতে রেখেই তারা নিশ্চিত করেছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় ফুটবল লিগে প্রত্যাবর্তন। দুটো করে গোল করেছেন আলেসান্দ্রো দেল পিয়েরো ও ডিফেন্ডার জিওর্জিও চিয়েল্লিনি। অন্য গোলটা ডেভিড ত্রেজেগের। এই জয়ে ৮২ পয়েন্ট নিয়ে তারাই এখন লিগের শীর্ষে। অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েই সিরি ‘এ'তে ফেরার হাতছানি তাদের সামনে।
আজ্জেরোর মুখোমুখি হওয়ার আগে একটা সমীকরণ কিছুটা হলেও দুশ্চিন্তায় রেখেছিল জুভেন্টাসের খেলোয়াড়দের। কারণ এই ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যেত তাদের সিরি ‘এ'তে প্রত্যাবর্তন। সেই মিশন সফল হওয়ায় কোচ দিদিয়ের দেশমের কণ্ঠে খুুুশির চেয়ে স্বস্তির ছোঁয়াই বেশি, “আমি ছেলেদের আজই (শনিবার) সব অনিশ্চয়তা শেষ করে দেয়ার জন্য বলেছিলাম। পরের ম্যাচগুলোর কথা চিন্তাও করতে নিষেধ করেছিলাম। যাহোক, এখন আমরা দারুণ পরিতৃপ্ত। এই অ্যাডভেঞ্চারে যুক্ত থাকা প্রত্যেকেই এখন দারুণ আনন্দিত।
'বি' লিগে ২০ গোল করা দেল পিয়েরো তো এখনই আগামী মৌসুমের ভাবনা শুরু করে দিতে আগ্রহী, “এই বছরটা ভীষণ কঠিন ছিল আমাদের জন্য। সেজন্য এই অর্জনে উৎসব করাই যায়। তবে এখনই আগামী বছরের চিন্তা শুরু করে দিচ্ছি আমরা।”
