দলে ফিরলেন মেসি ও তেভেজ
গত ফেব্রুয়ারিতে প্যারিসে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া ম্যাচে ছিলেন না দু জনের কেউই।
তবে দুই তারকা লিওনেল মেসি ও কার্লোস তেভেজকে প্রত্যাশিতভাবেই দলে রাখলেন আর্জেন্টিনার কোচ আলফিও বাসিল। আগামী ২ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে এক প্রীতি ম্যাচের জন্য ২০ সদস্যের তারকা সমৃদ্ধ দল ঘোষণা করেছেন তিনি।
সামনেই দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল লড়াই কোপা আমেরিকা। এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বার্নে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার পর আরেকটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন অনুষ্ঠেয় সেই ম্যাচের প্রতিপক্ষের নাম অবশ্য ঘোষিত হয়নি এখনো।
দু বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দলের প্রত্যেকেই ইওরোপের কোনো না কোনো ক্লাবের খেলোয়াড়। এদের মধ্যে অনেকেই আছেন দারুণ ফর্মে। তাদের সবাইকে এক দলে রাখতে পেরে বাসিল নিজেও আনন্দিত, “ছেলেরা যেভাবে খেলছে তা এক কথায় দুর্দান্ত। ফ্রান্সের বিপক্ষে যখন খেলেছিলাম তখন স্যাভিওলা তার সেরা ফর্মে ছিল। এখন আমরা ক্রেসপো, মেসি ও তেভেজকেও পাচ্ছি।” স্যাভিওলার লক্ষ্যভেদে ফ্রান্সকে হারানো সেই ম্যাচে অবশ্য মাসচেরানোও ছিলেন না।
আর্জেন্টিনার এই দলে নতুন মুখ দু জন-নুরেমবার্গের ডিফেন্ডার হাভিয়ের পিনোলা ও রেসিং সানতান্দারের মিডফিল্ডার এজেকুইয়েল গ্যারে।
