পর্তুগালে ফিরে গেলো মরিনিয়োর কুকুর
পুলিশের সঙ্গে যতোই ঝগড়া করুন, পোষা কুকুরটিকে কাছে রাখতে পারলেন না হোসে মরিনিয়ো।
আলোচিত এই কুকুরটিকে অবশ্য ব্রিটেনের পশুসম্পদ বিভাগের হাতেও তুলে দেওয়া হয়নি, সেটাকে নিজের দেশ পর্তুগালে ফেরত পাঠিয়েছেন ইংলিশ ক্লাব চেলসির ম্যানেজার। মরিনিয়োর স্ত্রী ট্যামি লিয়া নামের ওই কুকুরটিকে সঙ্গে নিয়ে গেছেন পর্তুগালে। ট্যামির পক্ষে তাদের এক আইনজীবী জানিয়েছেন এই খবর।
এর আগেরবার বিদেশভ্রমণ শেষে দেশে ফেরার পর প্রয়োজনীয় প্রতিষেধক দেওয়া হয়নি, এই অভিযোগে কুকুরটিকে ধরে নিতে আইনপ্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা মঙ্গলবার রাতে গিয়েছিলেন মরিনিয়োর লন্ডনের বাড়িতে। খবর পেয়ে বাড়ি ফিরে পুলিশের সঙ্গে তর্ক বাঁধিয়ে গ্রেফতারও হয়েছিলেন চেলসি ম্যানেজার, আর এই ঝগড়ার ফাঁকে এক পর্যায়ে কুকুরটি গিয়েছিল পালিয়ে। তবে ট্যামির আইনজীবী এলিজাবেথ রবিনসন বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “ব্রিটেনের পশু স্বাস্থ্য ও কল্যাণ দফতরকে জানিয়ে এবং তাদের অনুমতি নিয়ে মরিনিয়ো পরিবারের পোষা কুকুর লিয়াকে আজ বিকেলে পর্তুগালে ফিরিয়ে নিয়ে গেছেন মিসেস মরিনিয়ো।”
