২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশী ফুটবলারের সন্ধানে আবাহনী

বি. লিগের সবচেয়ে দামী দলটিরই এখন বেহাল অবস্থা। কোটি টাকারও বেশি দামের আবাহনী মাঠের খেলায় ও পয়েন্ট তালিকায় প্রত্যাশা পূরণ করতে না পেরে এখন হন্যে হয়ে বিদেশী খুঁজছে। বিজ্ঞাপন দিয়েই খোঁজার মতো অবস্থা তাদের। অথচ আবাহনীর চেয়ে অনেক কম টাকা খরচ করেও মোহামেডান আর ব্রাদার্স শিবিরে এখন স্বস্তির হাওয়া। তাই মধ্যবর্তী দলবদলে তাদের আগ্রহ নেই তেমন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 09:31 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

দলবদলের এই সুযোগ না থাকলে নিঃসন্দেহে সবচেয়ে বেশি সমস্যা হতো আবাহনীর। কারণ অনেক দাম দিয়ে কেনা স্বদেশী ফুটবলাররা কোনো ম্যাচেই নিজেদের সেভাবে প্রমাণ করতে পারেননি। পারেননি বিদায়ী কোচ ক্রুসিয়ানির সঙ্গে আসা দুই আর্জেন্টাইন খেলোয়াড়ও। তাই স্বদেশী --- বিদেশী মিলিয়ে বহুজাতিক আবাহনীকে সমর্থকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে বার বার। যে সব ম্যাচ জিতেছে সেগুলোও ছিল কোনো রকমে। তাই প্রথম লেগ শেষে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে তারা।

এই দুর্দশা কাটানোর জন্য তারা খুঁজছে ভাল বিদেশী ফুটবলার। ছেড়ে দিচ্ছে দুই আর্জেন্টাইন পেরোডি ও সানচেজকে। কিন্তু তৃতীয় আর্জেন্টাইন ক্যাপোরেলেকে রাখতে চাইলেও তিনি শনিবার চলে যাচ্ছেন ওই দুজনের সঙ্গে। আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু জানিয়েছেন, “ক্যাপোরেলে আবার এক সপ্তাহের মধ্যে ফিরে আসবে বলেছে। দেশে নাকি তার পারিবারিক সমস্যা হয়েছে।” অন্যসূত্রে যে খবর মিলেছে তাতে এই আর্জেন্টাইন ডিফেন্ডারের না আসার সম্ভাবনাই বেশি।

তিনি না আসা মানে আরো তিন বিদেশী ফুটবলার খুঁজতে হবে আবাহনীকে। “আমরা বাইরে থেকে ফুটবলার আনার চেষ্টা করছি। বিভিন্ন জায়াগায় যোগাযোগ করা হচ্ছে”----- বলেছেন আবাহনীর ম্যানেজার। বাইরে থেকে আনা ছাড়া কোনো উপায়ও নেই। অন্যান্য দলগুলোতে যেসব বিদেশী খেলছেন তাদের পাওয়ার সম্ভাবনা নেই বলেই আবার বিদেশে খোঁজ লাগিয়েছেন আবাহনীর কর্মকর্তারা। ব্রাদার্সের হয়ে এক ম্যাচ খেলা ঘানার স্ট্রাইকার ইনোককে রাখার চিন্তা করলেও দিন তিনেক আগে তিনি ভিয়েতনামে চলে গেছেন। 

আবাহনীর মতো ঘাটতি আছে মুক্তিযোদ্ধারও । তাদের কোচ আবু ইউসুফ মনে করছেন, “মুক্তিযোদ্ধায় এমনিতে খেলোয়াড় স্বল্পতা আছে। ভাল করার জন্য একজন মিডফিল্ডার ও একজন স্ট্রাইকার দরকার আমাদের।” কিন্তু মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী বিদেশ থেকে না ফিরলে মুক্তিযোদ্ধার পুর্নগঠন নিয়ে আপাতত কিছুই বলা যাচ্ছে না।

সেরকম কোনো দুশ্চিন্তা নেই ঢাকা মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিকের। লিগের শুরুতে যাদের নিয়ে অনেক সংশয় ছিল সেই সাদা কালো শিবিরই এখন দুর্বার। ২০ পয়েন্ট নিয়ে প্রথম লেগ শেষ করা মোহামেডানের কোচ মানিক তার দলের কম্বিনেশন ভাঙ্গতে চান না, “আমাদের দলের কোনো পজিশনে ঘাটতি নেই। যে ধারাবাহিকতায় দলটি খেলেছে সেটা ধরে রাখতে চাই।” ৫ নাইজেরিয়ান ফুটবলার নিয়ে অপ্রত্যাশিতভাবে শীর্ষে থেকে প্রথম লেগ শেষ করা মোহামেডান সাইড বেঞ্চের স্থানীয় কয়েকজনকে ছেড়ে দিতে চায়।

ব্রাদার্সের সমস্যা থাকলেও তেমন সঙ্গতি নেই। তাই তাদের ম্যানেজার আমের খানের সন্তুষ্টি, “দল আস্তে আস্তে ভাল করছে। লিটনও খেলতে পারবে দ্বিতীয় লেগ থেকে।” রেফারি লাঞ্ছনার অপরাধে নিষিদ্ধ থাকা রেজাউল করিম লিটনের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আগামী ম্যাচ থেকে তাকে মাঠে দেখা যেতে পারে।