২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল দলে কাকা, রোনালদিনহো

কোপা আমেরিকায় খেলতে চান না, জানিয়ে দিয়েছেন তারা। রোনালদিনহো আর কাকার সেই সিদ্ধান্ত মেনেও নিয়েছেন ব্রাজিলের কোচ ডুঙ্গা। কিন্তু পুরোপুরি ছুটি পাচ্ছেন না এই দুই সুপার স্টার। আগামী মাসে ইংল্যান্ড আর তুরস্কের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য ঘোষিত দলে তাদের দুজনকেই রেখেছেন ডুঙ্গা। সঙ্গে রেখেছেন একেবারে আনকোরা একজন স্ট্রাইকারকেও। কিন্তু আরো একবার উপেক্ষিত হয়েছেন রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 02:07 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

কাকা---রোনালদিনহোরা অবশ্য ডুঙ্গার দলের প্রথম একাদশে জায়গা হারিয়েছেন আগেই। নাম নয়, পারফরম্যান্স দেখেই দল সাজানোর নীতি মেনেই ডুঙ্গা তার ২২ জনের দলে ডেকেছেন স্বদেশে একদম অপরিচিত স্ট্রাইকার আফন্সো অ্যালভেসকে। হিরেনফিনের হয়ে ৩৪টি গোল করে এবারের ডাচ লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এই তরুণ। তার সঙ্গে ডাক পেয়েছেন সিএসকেএ মস্কোর স্ট্রাইকার জো, ওয়ের্ডার ব্রেমেন ও সাও পাওলোর ডিফেন্ডার ন্যালডো আর অ্যালেক্স সিলভাও। কিন্তু তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার  রোনালদোকে এবারো দলে নেননি ডুঙ্গা। বিশ্বকাপ শেষে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের বাইরে আছেন এই সুপারস্টার।

আগামী ১ জুন নতুন ওয়েম্বলি স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল, তার চারদিন পর ডর্টমুন্ডে তারা খেলবে তুরস্কের সঙ্গে।

ব্রাজিল দল : 

গোলরক্ষক : ডোনি এবং হেল্টন।

ডিফেন্ডার : অ্যালেক্স রডরিগো, ড্যানিয়েল অ্যালভেস, গিলবার্তো, হুয়ান, মেইকন, মার্সেলো, ন্যালডো ও অ্যালেক্স সিলভা।

মিডফিল্ডার : দিয়েগো, এডমিলসন, কাকা, এলানো, গিলবার্তো সিলভা, জোসু ও মিনেইরো।

স্ট্রাইকার : অ্যাফন্সো অ্যালভেস, জো, রবিনহো, রোনালদিনহো ও ভ্যাগনার লাভ।