ইটালিয়ান কাপ জিতলো রোমা
অর্ধেকটা কাজ আসলে করে রাখা ছিল আগেই। ফাইনালের প্রথম লেগে ৬---২ গোলের বিশাল জয়ের পর দ্বিতীয় লেগের লড়াই অনেকটাই পরিণত হয়েছিল আনুষ্ঠানিকতায়। বৃহস্পতিবার রোমের সান সিরো স্টেডিয়ামে সেই লড়াইয়ে ইন্টার মিলানের কাছে ১---২ গোলে হারলেও তাই কোনো ক্ষতি হয়নি এএস রোমার। ইতালিয়ান কাপের শিরোপা জিতেছে ফ্রান্সেসকো টট্টির দলই।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে ৬ মিনিটের ব্যবধানে হার্নান ক্রেসপো ও হুলিও ক্রুজের দুটি গোল আশার আলো দেখিয়েছিল সিরি-‘এ’ চ্যাম্পিয়নদের। ৫০ মিনিটে মেইকনের ক্রস থেকে হার্নান ক্রেসপোর হেডে এগিয়ে যায় ইন্টার, ৫৬ মিনিটে লুই ফিগোর পাস থেকে ক্রুজ ব্যবধান দ্বিগুণ করেন। কিন্তু প্রথম লেগেই তৈরি হওয়া বিশাল ব্যবধানটা শেষ পর্যন্ত আর কমানো হয়নি। উল্টো ৮৩ মিনিটে সিমোনে পেরোত্তার গোল রোমার উৎসবটাকেই রঙীন করে তুলেছে। ম্যাচ জেতার আনন্দটা তাই উপভোগ করতে পারেনি স্বাগতিকরা, এবারের মতো ডাবল জেতার স্বপ্নও মুছে গেছে তাদের।
