২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবারের ম্যাচ খেলেই সিদ্ধান্ত নেবে আবাহনী

আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)। আবার ধেয়ে আসা অস্বস্তির গরম হাওয়া গায়ে মাখার প্রস্তুতিও নিয়ে রাখতে পারে। বুধবার সিসিডিএম সভায় চলতি কাই অ্যালটেক প্রিমিয়ার লিগ বয়কটের হুমকি দিয়েছিল ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আবাহনী। বৃহষ্পতিবার ক্লাবের সভা থেকে এমন সিদ্ধান্তই আসার কথা থাকলেও শেষপর্যন্ত আসেনি। তবে শুক্রবার বিমানের বিপক্ষে সুপার লিগের ম্যাচ খেলার পর তা আসার ইঙ্গিত ঠিকই আছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 09:00 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

আবাহনীর ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান গাজী আশরাফ লিপু জানাচ্ছেন, “আমরা শুক্রবারের ম্যাচটা খেলবো। এরপরেই সিদ্ধান্ত নেবো লিগে খেলবো কী খেলবো না। পেশাদারী ফরম্যাটে সেরা খেলোয়াড়দের নিয়েই খেলতে চায় আবাহনী। আর এতে তো শুধু আমাদের স্বার্থই জড়িয়ে নেই। ভারতের বিপক্ষে সিরিজ শেষে সুপার লিগের ম্যাচগুলো হলে তো অন্য দলগুলোও লাভবান হবে। জাতীয় দলের খেলোয়াড়দের তারাও পাবে। প্রথম ম্যাচ খেলি। এরপরও যদি খেলা পিছিয়ে দেওয়া না হয়, তাহলে আমরা বোধহয় নিজেদের সরিয়ে নিতে বাধ্য হব।”

সড়ক দুর্ঘটনায় মাঞ্জারুল ইসলাম রানাকে হারিয়েছিল আবাহনী। খালেদ মাসুদের সঙ্গে তুষার ইমরানও অনেকদিন পর টেস্ট দলে ফেরায় বেশ বিপদেই পড়েছে আবাহনী। তাদের জাতীয় দলের আরেক খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজা। কার্যকর দুই তরুণ ক্রিকেটারকেও পাচ্ছে না তারা। সোহরাওয়ার্দী শুভ এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। ওপেনার জহিরুল ইসলাম ইনজুরিতে। সবমিলিয়ে নিজেদের ভীষণ ক্ষতিগ্রস্ত মনে করা লিপু বলছেন, “এই মৌসুমে একটাও ম্যাচ খেলেনি, এমন ক্রিকেটারদের নিয়েই একাদশ সাজানোর মতো অবস্থা এখন। সেরা দল গড়ে এভাবে খেলার তো কোনো মানে হয় না।”

বুধবারের সিসিডিএম সভায় অবশ্য আবাহনীর সমব্যথী হয়ে সোনারগাঁ ক্রিকেটার্স সুপারিশ করেছিল, আবাহনীকে শেষ তিনটা ম্যাচ ভারত সিরিজ শেষে খেলতে দেওয়ার। বিমানও তাতে সমর্থন জানিয়েছিল। কিন্তু তাতে বাইলজ লঙ্ঘিত হওয়ার কথা বলে মোহামেডান আপত্তি তোলে। ডিওএইচএসও ফিকশ্চার অনুযায়ী ২৮ মে’র মধ্যে লিগ শেষ করার দাবি জানালে সিসিডিএম নির্ধারিত সময়েই তা করার সিদ্ধান্ত দেয়। তাতেই বেঁকে বসে আবাহনী।