পুলিশের সঙ্গে ঝগড়া করে গ্রেফতার মরিনহো
ঝামেলাটা বেঁধেছে তার পোষা কুকুরকে ঘিরে। আর এ নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির পর্তুগিজ ম্যানেজার হোসে মরিনহো! পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে লন্ডনের ট্যাবলয়েড দৈনিক দ্য সান বৃহস্পতিবার জানিয়েছে এ খবর।
পত্রিকাটি লিখেছে, মঙ্গলবার রাতে মরিনহো যখন চেলসির পুরস্কার বিতরণী উৎসবে ব্যস্ত, তখন পুলিশকে সঙ্গে নিয়ে পশু স্বাস্থ্য বিভাগের দুজন কর্মকর্তা তার লন্ডনের বাসায় যান তার পোষা কুকুরটিকে ধরে নিয়ে যেতে। অভিযোগ ছিল, কুকুরটিকে ব্রিটেনের বাইরে ভ্রমণশেষে ফেরার পথে প্রয়োজনীয় প্রতিষেধক দেওয়া হয়নি। স্ত্রীর কাছে খবর পেয়ে মরিনহো তড়িঘড়ি করে বাসায় ফিরে পুলিশের সাথে তর্ক জুড়ে দেন। পরে কুকুরটিকে রেখে পুলিশ তাকেই গ্রেফতার করে নিয়ে যায়।
স্কটল্যান্ড ইয়ার্ডের একজন কর্মকর্তা দ্য সানকে জানিয়েছেন, ‘পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৪৪ বছর বয়সী একজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে তাকে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়।’ তিনি নিশ্চিত করেছেন, কুকুরটিকে শেষ পর্যন্ত উদ্ধার করতে পারেনি পশু স্বাস্থ্য বিভাগ।
