রোনালদিনহোও খেলতে চান না কোপা আমেরিকায়
কাকার পথেই হাঁটলেন রোনালদিনহোও। তিন দিন আগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) লেখা এক চিঠিতে কাকা জানিয়েছিলেন, ক্লান্তির কারণে আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় কোপা আমেরিকায় খেলতে চান না তিনি। এখন রোনালদিনহোর কণ্ঠেও অভিন্ন সুর। দক্ষিণ আমেরিকার সেরা ফুটবল টুর্নামেন্টে খেলতে চান না তিনিও। সিবিএফ --- এর কাছে দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলার চিঠি দিয়েছেন একটা। এবং সেই চিঠির বক্তব্য ঠিক কাকার মতোই। ক্লান্তির কারণে এই টুর্নামেন্টে না খেলার ইচ্ছার কথাই জানিয়েছেন রোনালদিনহো।
“বার্সেলোনার রোনালদিনহো ব্রাজিল জাতীয় দলের টেকনিক্যাল স্টাফকে কোপা আমেরিকার দলে না রাখার অনুরোধ জানিয়েছেন। ক্লান্তি এবং ছুটির প্রয়োজনের কথা জানিয়েই তার এই অনুরোধ”--- এক বিবৃতিতে জানিয়েছে সিবিএফ।
ব্রাজিলের মিডিয়ায় অবশ্য এ ধরনের গুঞ্জন বেশ কিছু দিন ধরেই চলছিল। রোনালদিনহোর ক্লান্তি এবং বিশ্রাম সংক্রান্ত গুঞ্জনের পাশাপাশি আরেকটা বিষয় নিয়েও আলোচনা হচ্ছিল। সেটা ব্রাজিল কোচ ডুঙ্গার সঙ্গে রোনালদিনহোর ‘ঠান্ডা লড়াই’ সংক্রান্ত! বিশ্বকাপের পর ব্রাজিল দলের দায়িত্ব নিলেও রোনালদিনহোকে বেশির ভাগ ম্যাচেই প্রথম একাদশে রাখেননি ডুঙ্গা। যতই তারকাখ্যাতি থাকুক না কেন, তাকে যে কোনো ধরনের ‘বিশেষ সুবিধা’ দেয়া হবে না, সে কথাও সরাসরি বলেছেন ব্রাজিলের ’৯৪ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক।
রোনালদিনহোর লেখা চিঠিতে অবশ্য কোচের সঙ্গে সম্পর্কের ‘শীতলতা’ সংক্রান্ত কোনো প্রসঙ্গ নেই। সেখানে শুধুই ক্লান্তির প্রসঙ্গ। তিনি লিখেছেন, “আপনারা সবাই জানেন যে গত কয়েক বছর ধরে অবিচ্ছিন্নভাবে শারীরিক পরিশ্রম করতে হয়েছে আমাকে। ক্যারিয়ার জুড়ে ব্রাজিলকে সেবা করার ক্ষেত্রে সন্তষ্টি ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছি আমি। আমার কাছে (ব্রাজিলের) হলুদ জার্সি পরা একই সঙ্গে গর্বের অনুভূতি ও দেশের প্রতি ভালবাসা প্রকাশ করে। সিবিএফ আমার প্রতি যে সম্মান ও মনযোগ দেখিয়েছে সেজন্য আমি কৃতজ্ঞ। (আমার সঙ্গে) খোলাখুলি সম্পর্ক রাখায় তাদেরকে ধন্যবাদও জানাচ্ছি। সেই সঙ্গে আমার অনুরোধটা অনুধাবন করার আবেদনও জানাচ্ছি তাদের কাছে।”
