২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র করে পিছিয়ে পড়লো বার্সেলোনা

গেটাফের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হওয়ার দুঃস্মৃতি ফিকে হতে না হতেই বার্সেলোনার জন্য আরেকটা আঘাত। রোববার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল বেটিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’র শীর্ষস্থান হারিয়েছে ‘বার্সা’।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 05:38 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বিশ্বের অন্যতম সেরা ফুটবল লিগের ৩৪ রাউন্ড শেষে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দু দলেরই সংগ্রহ ৬৬ পয়েন্ট। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মুখোমুখি দুটো লড়াইয়ের একটিতে জয় ও অন্যটা ড্র করায় এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়ালের অবস্থান। লিগের আর মাত্র চার রাউন্ড বাকি।

সব মিলিয়েই স্প্যানিশ লিগে এখন দারুণ জমজমাট অবস্থা। রোববার ভ্যালেন্সিয়া ২-০ গোলে রিয়াল জারাগোজাকে হারিয়ে ধরে রেখেছে চতুর্থ স্থান। তাদের অর্জন ৬২ পয়েন্ট। আগের দিন রিক্রিয়েটেভো হুয়েলভাকে ২-১ গোলে হারিয়ে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া। অর্থাৎ শীর্ষ চার দলের মধ্যে এখন মাত্র চার পয়েন্টের ব্যবধান!

বৃহস্পতিবার স্প্যানিশ কিংস কাপের সেমিফাইনালের ফিরতি লেগে গেটাফের কাছে লজ্জাজনক পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার পাশাপাশি এ মৌসুমে ‘ডাবল’ জয়ের আশাও শেষ হয়ে যায় বার্সেলোনার। সেদিন ‘বার্সা’ কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ড বলেছিলেন, সেটাই তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন। রোববার অবশ্য শুরুটা ভালই হয়েছিল স্প্যানিশ লিগের গত দু বারের চ্যাম্পিয়নদের। পঞ্চম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার মেলি ডেকোকে বক্সের মধ্যে ফেলে দিলে বেজে ওঠে পেনাল্টির বাঁশি। তা থেকে মৌসুমে নিজের অষ্টাদশ গোল করে দলকে এগিয়ে দিয়েছেন রোনালদিনহো। আরো গোলের নেশায় মরিয়া বার্সেলোনার সামনে বিরতির আগে ব্যবধান বাড়িয়ে নেয়ার সুযোগও এসেছে। একবার রোনালদিনহোর ক্রস থেকে স্যামুয়েল এ’তোর চোখধাঁধানো ব্যাকভলি দারুণ দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দিয়েছেন বেটিসের গোলকিপার। আরেক বার লিওনেল মেসির পাস থেকে প্রতিপক্ষের বক্সের মধ্যে ঢুকে ইনিয়েস্তা মেরেছেন বাইরে।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের হাতে। সুযোগ এলেও গোল আর তারা পায়নি। জয় নিশ্চিত হয়ে গেছে ভেবে শেষ দিকে রোনালদিনহো ও মেসিকে তুলেও নিয়েছেন রাইকার্ড। বার্সেলোনার ডিফেন্স অবশ্য আস্থা নিয়ে খেলতে পারছিল না। তবু গোলকিপার ভিক্টর ভালদেসের দৃঢ়তায় বিপদ থেকে বেঁচে যাচ্ছিল তারা। তবে শেষ রক্ষা আর হয়নি। নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট দুয়েক আগে মার্কোস আসুনকাওয়ের বাড়িয়ে দেয়া বল ধরে নিচু শটে সমতা নিয়ে এসেছেন বেটিসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল সবিস। সেই সঙ্গে ভেঙ্গে দিয়েছেন বার্সেলোনার তিন পয়েন্ট পাওয়ার স্বপ্নও।