ম্যান ইউর উৎসব ভেস্তে দিলেন তেভেজ
চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে গেছে আগেই। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের উৎসবটা জমলো না মোটেই। রোববার সেটা মাটি করে দিয়েছেন কার্লোস তেভেজ।
এই আর্জেন্টাইন স্ট্রাইকারের দেওয়া একমাত্র গোলে চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে ওয়েস্ট হ্যাম। একই দিনে অন্য এক ম্যাচে উইগ্যান অ্যাথলেটিক শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে দেওয়ায় নাটকীয়ভাবে রেলিগেশনও এড়িয়েছে তেভেজের দল। আগেই প্রথম বিভাগে নেমে যাওয়া ওয়াটফোর্ড আর চার্লটন অ্যাথলেটিকের সঙ্গে যোগ দিয়েছে শেফিল্ড।
শেষ রাউন্ডে অবশ্য ম্যান ইউ একা নয়, হোঁচট খেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের সব বড় দলই। শিরোপা হারিয়ে রানার্স আপ হওয়া চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করে এভারটন শেষ দল হিসেবে নাম লিখিয়েছে উয়েফা কাপে। ড্র করেছে তৃতীয় ও চতুর্থ স্থান আগেই নিশ্চিত করা লিভারপুল এবং আর্সেনালও। নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট লিভারপুল ২-২ গোলে ড্র করেছে চার্লটনের সঙ্গে, আর আর্সেনালের সঙ্গে পোর্টসমাউথের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্যভাবে।
