খুলনা আবাহনীকে হেসেখেলে হারালো মোহামেডান
বড় জয় দিয়েই বি. লিগের প্রথম লেগ শেষ করেছে ঢাকা মোহামেডান। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৬-১ গোলে হারিয়েছে খুলনা আবাহনীকে।
এই জয়ের ফলে প্রথম লেগের ১০ ম্যাচে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট।
বড় ব্যবধানের এ জয়ে কেউ হ্যাটট্রিক না পেলেও দুটো করে গোল করেছেন পল, এমেকা ও রনি। ৮ মিনিটে গোল উৎসবের শুরু করেন নাইজেরিয়ার এমেকা। অবশ্য খুলনা আবাহনীর দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোলটা থালায় সাজিয়ে দিয়েছেন তার স্বদেশী পল। মিনিট দুয়েকে পরেই এই পল কামালের লব বুক দিয়ে নামিয়ে ভলি মেরে ব্যবধান দ্বিগুন করেন। ৩৬ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্স তছনছ করে ম্যাচে নিজের দ্বিতীয় এবং টুর্নামেন্টে সর্বোচ্চ ১১ গোলের মালিক হয়ে প্রথম লেগ লেগ শেষ করেন।
৪৯ মিনিটে বাঁদিক থেকে কামালের পাঠানে ক্রসে রনি হেড করে ৪-০ গোলে এগিয়ে নেন মোহামেডানকে। খুলনা আবাহনীর প্রশান্ত পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও ৬৮ মিনিটে রনির লবে এমেকা পা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোলের আনুষ্ঠানিকতা সারেন। মিনিট দুয়েক পরে এমেকা রনিকে তার দ্বিতীয় গোল বানিয়ে দিয়ে ঋণ পরিশোধ করেন।
