দারুণ জয়ে স্প্যানিশ লিগের শীর্ষে রিয়াল
তিনদিন পরেই উয়েফা কাপের ফাইনাল, স্প্যানিশ লিগের মাঝারি মানের দল এস্পানিয়ল তাই দলের সেরা খেলোয়াড়দের বিশ্রাম দিচ্ছে। কিন্তু তাদের দ্বিতীয় সারির দলটাই শনিবার রাতে কাঁপিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদকে!
শেষ রক্ষা হয়নি অবশ্য, প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরেই গেছে তারা। ৮৯ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার গনজালো হিগুয়েনের লক্ষ্যভেদের সুবাদে ৪-৩ গোলের দারুণ এক জয় পেয়ে সাত মাস পর প্রথম বারের মতো স্প্যানিশ প্রিমেরা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে রিয়াল।
সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের এই ম্যাচে অবশ্য শুরু থেকেই প্রাধান্য ছিল রিয়ালের। কিন্তু ৯ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের আক্রমণগুলো সামাল দেওয়ার পাশাপাশি পাল্টা আক্রমণে সব সময়ই তৎপর ছিল এস্পানিয়ল। এ রকমই পাল্টা আক্রমণ থেকে ১৯ মিনিটের ভেতর তিনটি গোল করে রিয়ালকে কাঁপিয়ে দিয়েছেন তাদের উরুগুইয়ান স্ট্রাইকার ওয়াল্টার প্যান্ডিয়ানি। ম্যাচের ১৫ মিনিটেই শুরু, মাঝমাঠে রিয়াল স্ট্রাইকার গুটির পা থেকে বল কেড়ে নিয়ে জনটাস সেটা ঠেলে দিয়েছিলেন ফ্রান্সিসকো রুফেটের দিকে। ডান প্রান্ত থেকে এই উইঙ্গারের নিঁখুত পাস পেয়ে ফাঁকায় দাঁড়ানো প্যান্ডিয়ানি সহজেই ফাঁকি দিয়েছেন সামনে দাঁড়ানো অসহায় গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে। ১১ মিনিট পর ঠিক যেন এই গোলটারই রিপ্লে হয়েছে, রুফেটের ক্রস থেকে প্যান্ডিয়ানির ভলিতে ২-০ গোলে এগিয়ে গেছে বার্সেলোনার ক্লাবটি। মৌসুমে রুড ফন নিস্টলরয়ের একুশতম গোল দুমিনিট পর রিয়ালকে ম্যাচে ফেরালেও ৩৪ মিনিটে আরেকটি গোল করে ব্যবধানটা ৩-১ করেছেন প্যান্ডিয়ানি।
বিরতির পর রিয়াল সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়েছে প্রতিপক্ষের ওপর। সেই আক্রমণেরই ফসল হিসেবে ৪৯ মিনিটে গোল করেছেন রাউল। এতেও অবশ্য খানিকটা অবদান ছিল নিস্টলরয়ের, তার বুদ্ধিদীপ্ত ব্যাকহিল থেকেই বলটা পেয়েছেন রিয়াল অধিনায়ক। এর আট মিনিট পর হোসে আন্তনিও রেইয়েস সমতায় ফিরিয়েছেন স্বাগতিকদের, নিজেদের সীমানায় এস্পানিয়লের গোলরক্ষক ও একজন ডিফেন্ডার নিজেদের মধ্যেই ধাক্কা খাওয়া ফাঁকা পোস্টের সামনে পেয়ে যাওয়া বলের সদ্ব্যবহার করেছেন তিনি।
কিন্তু এরপর অনেক চেষ্টাতেও গোল না পাওয়ায় এক সময় মনে হচ্ছিল দুটি পয়েন্ট খুইয়েই হয়তো ফিরতে হবে রিয়ালকে। সেটা হয়নি হিগুয়েনের ওই গোলে। ৬৬ পয়েন্ট নিয়ে রিয়াল পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বটে, তবে সেটা সাময়িকই হওয়ার কথা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার চেয়ে তারা মাত্র ১ পয়েন্ট এগিয়ে, রোববার রাতে রিয়াল বেটিসকে হারালেই শীর্ষস্থান ফিরে পাবে ক্যাটালানরা।
শনিবার অন্য এক ম্যাচে রিক্রিয়েটিভো হেলভাকে ২-১ গোলে হারিয়েছে উয়েফা কাপের অন্য ফাইনালিস্ট সেভিয়া।
