কোপা আমেরিকায় খেলতে আগ্রহী নন কাকা
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কাছে একটা চিঠি লিখেছেন কাকা। চিঠির বক্তব্য হল একটানা খেলে তিনি ভীষণ ক্লান্ত।
তাই ২৬ জুন থেকে ভেনেজুয়েলায় শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় তাকে বিশ্রাম দেয়া হোক!
গত বছর মৌসুমের মাঝের বিরতিটা কেটেছিল বিশ্বকাপে অংশ নিয়ে। এবারও রেহাই নেই-অংশ নিতে হবে দক্ষিণ আমেরিকার সবচেয়ে আকষর্ণীয় ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকায়। কিন্তু অবিশ্রান্তভাবে খেলার কারণে কাকা ভীষণই ক্লান্ত। নিজের ক্লাব এসি মিলানের ওয়েবসাইট ‘ডাব্লু ডাব্লু ডাব্লু এসি মিলান ডট কম’-এ প্রকাশিত এক চিঠিতে তাই সিবিএফ-এর কাছে এই ব্রাজিলিয়ান তারকার অনুরোধ,“কোপা আমেরিকার জন্য দলে ডাক পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে আমার। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যাশিত পারফর্ম করার মতো আদর্শ শারিরীক অবস্থা সে সময় আমার থাকবে না। তিন মৌসুম ধরে আমি কোন বিশ্রাম পাচ্ছি না। তাই এই চিঠিতে আনুষ্ঠানিকভাবে কোপা আমেরিকার দলে আমাকে না রাখার অনুরোধ জানাচ্ছি।”
