২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে র‌্যাংকিংও বলছে বাংলাদেশের বোলাররাই এগিয়ে

বাংলাদেশ দলে তারা যতই সৎ মায়ের ছেলে হয়ে থাকুন, বোলাররাই যে এখন বাংলাদেশের মূল শক্তি সেটা বিশ্বকাপেই প্রমাণ হয়ে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 06:50 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

প্রমাণটা মিলছে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়েও। গত বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে সেরা ২০ জন বোলারের মধ্যেই আছে বাংলাদেশের তিনজন, ব্যাটসম্যানদের তালিকায় সেরা বিশে নেই একজনও।

এই জায়গাটায় এমনকি ভারতের চেয়েও এগিয়ে বাংলাদেশ। কারণ, ওয়ানডে র‌্যাংকিংয়ের সেরা বিশে ভারতের দুজন মাত্র বোলারের নাম আছে, কিন্তু সেই দুজন-হরভজন সিং আর অজিত আগারকার বাংলাদেশ সফরের দলেই নেই! এই দলের ‘সেরা’ বোলার জহির খানের র‌্যাংকিং ২৩, আর বাংলাদেশের সেরা আব্দুর রাজ্জাক আছেন সেরা দশেই, নয় নম্বরে। আরেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের সঙ্গে ১৭তম স্থানটা ভাগাভাগি করছেন ফাস্ট বোলার মাশরাফি বিন মুর্তজা। এছাড়া নতুন বলে মাশরাফির সঙ্গী সৈয়দ রাসেল ৪১, বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ৫৪ এবং পেসার শাহাদাত হোসেন আছেন ৯৫ নম্বরে।

ভারতীয় দলের অন্য বোলারদের মধ্যে মুনাফ প্যাটেল ৩৬, শ্রীশান্থ ৫৩ ও রমেশ পাওয়ার ৬৪ নম্বরে আছেন।

ব্যাটসম্যানদের ক্ষেত্রে অবশ্য হিসেবটা একেবারেই উল্টো। প্রথম ওয়ানডেতে ভারতের জয়ের নায়ক মহেন্দ্র সিং ধোনি সেখানে আছেন সেরা দশে, আট নম্বরে। রাহুল দ্রাবিড় ১৫ ও যুবরাজ সিং ২০তম স্থানে। বাংলাদেশের ‘সেরা’ শাহরিয়ার নাফীস ৩৭ নম্বরে, কিন্তু ফর্মহীনতার কারণে তিনি তো আপাতত দলেরই বাইরে। দলে থাকাদের মধ্যে আফতাব আহমেদ ৪২, সাকিব ৪৬ আর মোহাম্মদ আশরাফুল ৫৮ নম্বরে আছেন। ফর্মহীনতার সঙ্গে লড়তে হলেও সেরা ১০০ তে আছেন হাবিবুল বাশার (৮১) আর দলের বাইরে থাকা খালেদ মাসুদও (৮৯)।

বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ-ভারত প্রথম ওয়ানডের আগে আর কোনো ওয়ানডে ম্যাচ হয়নি বলে আসলে এই নতুন র‌্যাংকিংয়ে তেমন কোনো পরিবর্তন নেই। ব্যাটিংয়ের সেরা পাঁচে আগের মতোই আছেন যথাক্রমে ইংল্যান্ডের কেভিন পিটারসেন, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও মাইক হাসি, শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া আর ওয়েস্ট ইন্ডিজের রামনরেশ সারওয়ান। আর বোলিংয়ের সেরা পাঁচে আছেন দক্ষিণ আফ্রিকার শন পোলক, অস্ট্রেলিয়ার নাথান ব্র্যাকেন, নিউজিল্যান্ডের শেন বন্ড আর শ্রীলঙ্কার চামিন্ডা ভাস ও মুত্তিয়া মুরালিধরন।

ক্রিকিনফো-এর সহায়তায়