২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাডোনার প্রশ্ন, তারা কেন আমাকে মৃত দেখতে চায়?

পরিষ্কার কামানো মুখ, স্যুট পরা-এ যেন এক নতুন ম্যারাডোনা। তবে চেহারায়,বেশভূষায় নতুনত্ব থাকলেও কথাবার্তায় খুঁজে পাওয়া গেল সেই ‘বিদ্রোহী’ ম্যারাডোনাকেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 10:39 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

সোমবার রাতে আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাতকারে আর্জেন্টাইন ‘ফুটবল-ঈশ্বর’-এর কণ্ঠে ফুটে উঠলো সাম্প্রতিক একটি দুঃখজনক ঘটনা নিয়ে ক্ষোভ আর হতাশা।

অতিরিক্ত মদ্যপানজনিত অসুস্থতার কারণে বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হয়েছিল আর্জেন্টিনার ’৮৬ বিশ্বকাপ জয়ের নায়ককে। সেখান থেকে মুক্তি পাওয়ার পর প্রায় দু সপ্তাহ কাটাতে হয়েছে একটি মানসিক চিকিৎসালয়ে। তার আগে হাসপাতালে থাকার সময়ই ম্যারাডোনার মৃত্যুর গুজব রটে গিয়েছিল আর্জেন্টিনায়! কে বা কারা গুজবটা ছড়িয়েছে তা জানা যায়নি। তবে ম্যারাডোনার ধারণা আর্জেন্টাইন সরকারের কোনো কোনো কর্তাব্যক্তি এর সঙ্গে জড়িত। আর এই সম্ভাবনাটাই ক্ষুব্ধ করে তুলেছে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে। এই গুজবের সঙ্গে এমনকি আর্জেন্টিনার প্রেসিডেন্ট নেস্তর কার্চনার জড়িত থাকলেও এর বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছেন তিনি! আর্জেন্টিনার চ্যানেল ১৩-র আয়োজনে সরাসরি সম্প্রচারিত সাক্ষাতকারে ম্যারাডোনার হতাশা ভরা মন্তব্য,“আমি ভীষণ দুঃখ পেয়েছি, কারণ, তারা আমার বাবা-মা ও মেয়েদের প্রতি কোনো সম্মান দেখায়নি। আমি কিছুতেই বুঝতে পারছি না তারা কেন আমাকে মৃত দেখতে চায়! আমি বেঁচে আছি এবং আরো অনেক দিন বেঁচে থাকতে চাই।”

ম্যারাডোনা মানসিক চিকিৎসালয় থেকে ছাড়া পেয়েছেন রোববার। এখনো তার চিকিৎসার কার্যক্রম শেষ হয়নি। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন প্রত্যেক সপ্তাহে তিন বার বিভিন্ন পরীক্ষার জন্য ক্লিনিকে যেতে হবে তাকে। তবে মদ ও মাদকাসক্তির জন্য বেশ কয়েক বছর ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত ম্যারাডোনার এবার এর থেকে মুক্তি চান। স্বাভাবিক জীবনে ফেরার আকাক্সক্ষা থেকে তার প্রতিজ্ঞা,“আমি এখন বিশ্রাম চাই। আমি চাই ভালো শারীরিক অবস্থা ফিরে পেতে। সব সময় নিজের শরীরকে যেন শাস্তি দিয়ে এসেছি। আগেও বলেছি, আজও বলছি, কোকেন না নিলে কী খেলোয়াড়ই না হতে পারতাম!”

স্বভাবসুলভ উচ্চকণ্ঠে নয়, কথাগুলো মৃদুস্বরেই বলছিলেন তিনি। কখনো সাক্ষাতকার গ্রহনকারীর কোনো কৌতুকে হেসেছেন, কখনো বা পরিবার সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। নিজেই জানালেন, প্রায় আড়াই বছর ধরে কোকেনের সঙ্গে তার সম্পর্ক নেই। মার্চে অসুস্থ হওয়ার পর অ্যালকোহলও আর স্পর্শ করেননি। আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নের কথাও জানালেন আবার। প্রায় এক বছর ধরে এই পদ খালি থাকার পরও তাকে বিবেচনা করা হচ্ছে না বলে ম্যারাডোনা ভীষণ হতাশ।‘শো বল’ নামে ফুটবলের সংক্ষিপ্ত সংস্করণে অংশ নেয়ার অঙ্গীকারও প্রতিধ্বনিত হলো তার কণ্ঠে। অতিরিক্ত মদ্যপান যে তার শরীরের ভীষণ ক্ষতি করেছে সে কথাও স্বীকার করলেন ম্যারাডোনা। বেশভূষার মতো এই স্বীকারোক্তিতেও ‘নতুন’ এক ম্যারাডোনাকেই যেন খুঁজে পাওয়া গেল!