২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব দায় মাথায় নিয়েই ফিরে যাচ্ছেন ক্রুসিয়ানি

আবারো ক্রুসিয়ানির সঙ্গী হতাশা। অনেক আশা নিয়ে ঢাকা আবাহনীর কোচ হয়ে আসা এই আর্জেন্টাইন রণেভঙ্গ দিয়ে দেশে ফিরে যাচ্ছেন বি. লিগের মাঝপথেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 10:06 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

মাত্র দুমাসের মধ্যেই তার সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়েছে আবাহনীর। অথচ অনেক প্রত্যাশা নিয়েই তাকে আর্জেন্টিনা থেকে উড়িয়ে এনেছিল তারা। অনেক টাকা-পয়সা খরচ করে এবার তারা দল গড়েছে আর সেই দলকে সঠিক পথে পরিচালনার জন্য দক্ষ পরিচালক হিসেবে ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানিকে বেছে নিয়েছিল বাংলাদেশের এই ঐতিহ্যবাহী ক্লাবটি। ক্রুসিয়ানিরও হয়তো সুপ্ত বাসনা ছিল আবাহনীকে সাফল্য এনে দিয়ে বাংলাদেশ দলের হয়ে তার অতীত ব্যর্থতাকে ভুলিয়ে দেবেন। কিন্তু দু পক্ষের প্রত্যাশা এক বিন্দুতে গিয়ে পৌঁছানোর আগেই বিদায় নিতে হচ্ছে তাকে। সেই হতাশা নিয়েই আবাহনীর শুভকামনা করলেন ক্রুসিয়ানি, “কাজ শেষ না করে লিগের মাঝপথে ফিরে যেতে হচ্ছে বলে আমি খুব হতাশ। কিন্তু আমি আবাহনীর সাফল্য কামনা করি।”

তিনদিন আগে তার ইচ্ছা অনুসারেই তাকে আবাহনী অব্যাহতি দিয়েছে ফুটবল দলের দায়িত্ব থেকে। আগামী ১০ মে দেশে ফিরে যাচ্ছেন। তবে এবারের যাওয়া আগের মতো অসম্মানের নয়। গত অক্টোবরে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে যাওয়ার সময় এই আর্জেন্টাইন কোচের বেতন কেটে রেখেছিল বাফুফে। দিয়েছিল নানা অপবাদও। এবার বেতন নিয়ে কোনো ঝামেলা নেই, শুনুন ক্রুসিয়ানির মুখেই, “টাকা-পয়াসা নিয়ে কোনো সমস্যা হয়নি। ক্লাব আমাকে থাকার জন্য ভালো ব্যবস্থা করেছিল এবং ক্লাবকর্মকর্তারাও আমাকে সহযোগিতা করেছেন।” তবে সহযেগিতা পাননি আবাহনী সমর্থকদের কাছ থেকে, “সমর্থকরা খুবই আক্রমনাত্মক মেজাজে থাকে। শুধু মাঠে নয়, তারা ক্লাবের ভেতরে ঢুকেও হৈ-হল্লা করে। মাঝেমধ্যে তারা ক্লাব কর্মকর্তাদের ওপরও প্রভাব বিস্তার করে বলে মনে হয়।” এসব কারণেই নিরপত্তাহীনতার অভিযোগ তুলেছিলেন আবাহনীর এই বিদায়ী কোচ।

কিন্তু ক্রুসিয়ানির বিরুদ্ধেও যে নিম্নমানের বিদেশী ফুটবলার আনার অভিযোগ তুলেছে আবাহনী সমর্থকরা! সেটা অবশ্য তিনি আংশিক মেনেই নিয়েছেন, “ গত জানুয়ারিতে যখন আমাকে ফুটবলার আনতে বলা হয়েছে আর্জেন্টিনায় প্রায় সব ফুটবলারই তখন বিভিন্ন দলে চুক্তিবদ্ধ হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করে এই তিনজনকে পেয়েছি। মানছি, তাদের মধ্যে পেরোডি খুব খারাপ করেছে। আমি নিয়ে এসেছি বলেই আমাকে দোষারোপ করা হচ্ছে।” স্ট্রাইকার হার্নান পেরোডির মতো সানচেজকে নিয়েও আবাহনী সন্তুষ্ট নয় এবং তাদেরও ছেড়ে দিচ্ছে বি. লিগের প্রথম লেগের পর। ক্লাবের পছন্দ হয়েছে তৃতীয় আর্জেন্টাইন মারিয়ানো ক্যাপোরেলেকে। তবে এই ডিফেন্ডারকে রাখার জন্য আবাহনী মরিয়া হলেও তিনি থাকতে চাইছেন না।

এই অভিযোগ মাথায় নিয়েই দেশে ফিরে যাচ্ছেন ডিয়েগো ক্রুসিয়ানি। গিয়ে তার গুরু রড্রিগুয়েজের সঙ্গে জর্জিয়ায় লোকোমোটিভ ক্লাবের দায়িত্ব নিতে পারেন। আবার এই বাংলাদেশেও ফিরে আসতে পারেন যে কোনো সময়। বিস্মিত হওয়ার মতো খবর হলেও ক্রুসিয়ানি হাসতে হাসতেই বলেছেন, “প্রথমবার হয়নি, দ্বিতীয়বার হলো না বলে তৃতীয়বারও হবে না এমন নয়। তৃতীয়বার এলে সমর্থকহীন দল মুক্তিযোদ্ধাকে বেছে নেবো।”

হতাশ করা দুটো বাংলাদেশ মিশনের পরও তৃতীয়বারের অপেক্ষায় আছেন ক্রুসিয়ানি !