রঙ্গীন নয়, রংহীন ভারতীয় দল
টেন্ডুলকার-সৌরভ নেই। এখন যদি তিওয়ারিও না থাকেন তাহলে! এই বর্নহীন ভারতীয় দল তো চূড়ান্ত বিবর্ন।
মনোজ তিওয়ারির আন্তর্জাতিক অভিষেকই হয়নি এখনও। এই সিরিজে হবে এমন নিশ্চয়তাও নেই। তবু তিওয়ারি একাধারে এই দলের সৌরভ এবং টেন্ডুলকার। বাংলার ক্রিকেট মানেই সৌরভ, তার নাম জপ করাই তাদের ক্রিকেটের স্লোগান, কিন্তু এখন সৌরভের শেষ সময়। আর তখনই শুরু হতে চলেছে তিওয়ারির সময়। বাংলা ক্রিকেটের ব্যাটনটা সৌরভের হাত থেকে তিওয়ারি কতটা এগিয়ে নিতে পারেন এই সিরিজে সেটাই দেখার।যেমন দেখার শচীন টেন্ডুলকার যাকে বলছেন ‘অসাধারণ প্রতিভা’ সেই প্রতিভা পারফরম্যান্সে যথাযথ রূপ পায় কিনা!
বিশ্বকাপের চোটে বিধ্বস্ত এবং টেন্ডুলকার-সৌরভহীনতায় বিবর্ন এই ভারতীয় দলে রং ছড়ানোর সম্ভাবনাময় আসলে একজনই। ওহ হো! শেবাগ-যুবরাজরা তো আছেন! আছেন এবং থাকবেনও। কিন্তু ভারতীয় দলকে ঘুরে দাঁড়াতে নিশ্চিত সম্ভাবনাময় কিছু মাটি ভেদ করে বেরোনো প্রতিভা চাই। তিওয়ারিতে সেই আশা। এবং মঙ্গলবার বিকালে সেই আশার পিঠে বসে গেলো একটা ছুরি। প্র্যাকটিসের শেষে ফিল্ডিং সেশনে এমন একটা ডাইভ দিলেন যে আর উঠতেই পারছেন না। ধরাধরি করে ওঠানোর পর দেখা গেল কাঁধে এমন ব্যথা যে আর ফিল্ডিং তো দূরের কথা, দাঁড়িয়ে থাকারই জো নেই। ফিজিও গ্লস্টার হাজির। কিন্তু প্রাথমিক চিকিৎসার কাজ হওয়ার নয় দেখে তাকে নিয়ে গেলেন বাইরে। তার অভিষেক সম্ভাবনা তাই প্রশ্নবিদ্ধ। এসবক্ষেত্রে যা বলা হয়, ভারতীয় দলের তরফ থেকে তা-ই বলা হচ্ছে। আমরা তার অবস্থা দেখবো, বুঝবো-তারপর দেখা যাক...
সৌরভের আমলে ভারতীয় ক্রিকেট তার মানসিক শক্তি আর শারীরিক ভাষা বদলে বিশ্ব ক্রিকেটে একটা জায়গায় চলে গিয়েছিল। ওসব বাদ দিলে ভারত দল হিসাবে কখনোই অপ্রতিরোধ্য নয়, নয় আকর্ষনীয়। কিন্তু বিচার যখন হয়েছে তারকাখ্যাতি আর দ্যুতি দিয়ে তখন ভারত কোনোদিনই কারও পেছনে নয়। এই ভারতীয় দলের ক্ষেত্রে কথাটা বলা যাচ্ছে না। টেন্ডুলকার-সৌরভ-কুম্বলে-হরভজন বিয়োগ হওয়ার পর দলে বলার মতো খেলোয়াড় বলতে দ্রাবিড়-শেবাগ-যুবরাজ এবং ধোনি। রমেশ পাওয়ার, মুনাফ প্যাটেল, দীনেশ কার্তিক, পিযুষ চাওলাদের চেয়ে তো আমাদের আশরাফ’ল-তামিম-মাশরাফিদের আন্তর্জাতিক পরিচিতিই বেশি। মাঠের লড়াইয়ে যা-ই হোক, আগের হাঁক-ডাকে চিরকালই ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা দল। এবারও এগিয়ে আছে হয়তো, কিন্তু ব্যবধানটা আনুবীক্ষনিক।
পেটে সমস্যার জন্য লক্ষণ শুরুতে ক্যাম্পেই আসতে পারলেন না। প্র্যাকটিসে চোট পেলেন টেন্ডুলকার। সেরে উঠতে না উঠতেই রাহুল দ্রাবিড় আবার নাক ফাটালেন। তারপর কাল তিওয়ারি। ভারতীয় দলের পেছনে যদি কোনো শনি লেগে থাকে তাহলে সেটা বোধহয় ওদের আরও কিছুদিন ভোগাবে। রাহুল দ্রাবিড়ের কাছেও প্রশ্নটা গেলো। এই যে একের পর এক ইনজুরি তাতে দলের মনোবল ভেঙ্গে পড়ছে কিনা! দ্রাবিড় অধিনায়ক হিসাবে সাবধানী ঘরানার, কাজেই তিনি চিরায়ত ক্রিকেটবানী আওড়ে বললেন,“ইনজুরিটা তো খেলারই অংশ। এটা মেনে নিয়েই আপনাকে খেলতে হবে।”
ঠিক, কিন্তু এটাও ঠিক যে সমস্যা ভারতীয় দলের পিছু ছাড়তে চাইছে না। দ্রাবিড় আগের দিনের মতোই বারবার করে বললেন,এই সিরিজটা একটা নতুন সিরিজ। বিশ্বকাপের কথা ভুলে নতুন করে শুরু করতে চান। সৌরভ-টেন্ডুলকারের অনুপস্থিতির বিষয়টা নির্বাচকদের কাঁধে চাপিয়ে এক বাক্যে উড়িয়ে দিলেন. কিন্তু ঘেঁটে দেখা যাচ্ছে চাপের মুখে নির্বাচকরাও বোধহয় একটু খেই হারিয়ে ফেলেছিলেন। ওয়ানডে দলে তিনজন ওপেনার, কিন্তু টেস্ট দলে আবার ওপেনার মাত্র একজন। আবার ওয়ানডে দলে দুজন উইকেটকিপার, যার একজন দীনেশ কার্তিক খেলবেন ব্যাটসম্যান হিসাবে। মজার ব্যাপার, কার্তিককে সরিয়ে ধোনি যখন দলে আসেন তখন তার যোগ্যতা হিসাবেই বলা হচ্ছিল তার ব্যাটিং। সব মিলিয়ে তালগোল পাকানো।
যেমন তালগোল আছে কোচিংয়েও। শাস্ত্রীকে কোচ না বলে ক্রিকেট ম্যানেজারই বলা হচ্ছে বেশি করে, কারণ, ক্রিকেট কোচের কাজটা তিনি কখনো করেননি এবং ঐ ঘরানার ব্যক্তিত্বও তিনি নন। তার সঙ্গে জুড়ে দেয়া হয়েছে ভেংকটেশ প্রসাদ এবং রবিন সিংকে, ওরা যথাক্রমে বোলিং এবং ফিল্ডিং কোচ। প্র্যাকটিস সেশনে প্রসাদ তার মতো লেগ কাটার শেখানোতে যারপরনাই ব্যস্ত, রবীন সিংও নতুন দায়িত্বে নিজেকে প্রমানে উন্মুখ। সবই ঠিক আছে, কোচরা শেখাবেন, খেলোয়াড়রা শিখে মাঠে হয়তো তুমুল কাণ্ড ঘটিয়েও ফেলবেন, কিন্তু মিডিওকার কিছু সাবেক ক্রিকেটারের কোচিং-অভিষেক দেখার জন্য তো আর ভারত দলের প্র্যাকটিস সেশন নয়! ভারতের প্র্যাকটিস মানেই তারার দ্যুতি। সন্ন্যাসীর মতো একাগ্রতায় এবং ব্যাকরনের শুদ্ধতায় টেন্ডুলকারের নেট প্র্যাকটিস। সৌরভের শরীর থেকে ঠিকরে বেরোনো ঔদ্ধত্য! রঙ্গীন ভারত এবার সত্যিকারের রংহীন।
না। এই ভারতীয় দল ক্রিকেটামোদীদের আকর্ষনের দল নয়। ভারত অবশ্য তার চেয়েও বেশি করে চায় ভালো ফল করার দল হতে। হলে ভালো। না হলে কিন্তু সেই পুরনো প্রবাদ। আম-ছালা দুটোই গেলো!
