বাংলাদেশে একাডেমি খুলতে চায় ওল্ডহ্যাম
তিনটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলতে ওল্ডহ্যাম অ্যাথলেটিক ফুটবল ক্লাব এখন বাংলাদেশে।
সোমবার সকালে ঢাকায় পৌঁছানো ৩৮ সদস্যের দলটা অবশ্য তাদের এক নম্বর দল নয়, আসলে তাদের যুব দল।
এ উপলক্ষে বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওল্ডহ্যামের প্রধান নির্বাহী অ্যালান হার্ডি জানালেন, “এটা আমাদের শুরু। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখানে ফুটবল ট্রেনিং একাডেমি খোলা যেখান থেকে ভবিষ্যতের অনেক ফুটবলার বেরিয়ে আসবে।” এ লক্ষ্যে তাদের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ৫ বছর মেয়াদের একটি চুক্তি হয়েছে গত ডিসেম্বরে। তাতে মধ্যস্থতা করেছে ইংল্যান্ডের এবিএ মার্কেটিং এজেন্ট। সংবাদ সম্মেলনে এজেন্টের জনসংযোগ কর্মকর্তা মজিদ খান বলেছেন, “আমাদের হাতে ১০টার মতো স্পন্সর আছে যারা বাংলাদেশের ফুটবল উন্নয়নের জন্য করতে চায়। এখান থেকে ভাল সহযোগিতা পেলে আমরা এদেশে ট্রেনিং একাডেমি চালু করবো।”
এই সফরে তিনটি প্রদর্শনী ম্যাচ খেলবে ওল্ডহ্যাম। মঙ্গলবার প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে ঢাকা মোহামেডানের, ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা টেলিভিশন চ্যানেল। তাতে অবশ্যই ফেভারিট ওল্ডহ্যাম। তাদের অধিনায়ক মাইক পিয়ার্সনের দাবি, “এই দলে ইংলিশ প্রথম বিভাগে খেলা ৬ জন অভিজ্ঞ ফুটবলার অছে। আশাকরি একটা ভাল ম্যাচ হবে।” ইংলিশ প্রথম বিভাগে খেলার অভিজ্ঞতা ছাড়াও ওল্ডহ্যাম অধিনায়কের ঝুলিতে আছে ওয়েলসের অনূর্ধ্ব-১৫ ও ১৭ দলের হয়ে খেলার অভিজ্ঞতাও।
আগামী বৃহস্পতিবার সিলেটে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দ্বিতীয় ও শনিবার ঢাকা আবাহনীর সঙ্গে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ ম্যাচটি খেলবে তারা। এছাড়া তারা বিকেএসপি পরিদর্শনেও যাবে সেখানকার সুযোগ-সুবিধা দেখতে।
