২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রুসিয়ানিকে বিদায় জানালো আবাহনী

ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি এখন আর আবাহনীর কোচ নন! অনেক বড় প্রত্যাশার সম্ভাব্য করুণ পরিণতির আগেই আবাহনী গুডবাই জানিয়ে দিয়েছে এই আর্জেন্টাইনকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 10:11 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

রোববার থেকে তিনি আর আবাহনীর সঙ্গে নেই, দায়িত্ব দেওয়া হয়েছে দেশী কোচ অমলেশ সেনকে।

মাত্র দু মাসের মাথায় ক্রুসিয়ানির সঙ্গে বিচ্ছেদ ঘটলো আবাহনীর। গত মার্চের প্রথম সপ্তাহে তিনি ঢাকায় আসেন বি. লিগের এই দলের দায়িত্ব নিতে। সঙ্গে করে নিয়ে আসেন তিন আর্জেন্টাইন ফুটবলারকেও। তার মুখে বিস্তর প্রশংসা শোনা গেলেও মাঠে কিন্তু আশা পুরণ করতে পারেননি তারা। ব্যতিক্রম শুধু ক্যাপোরেলে, নির্ভরযোগ্যতার মাপকাঠিতে এই ডিফেন্ডার টিকে গেলেও অন্য দুই অর্জেন্টাইন বি. লিগের প্রথম লেগ খেলতে খেলতেই চলে গেছেন বাতিলের খাতায়। তাই ক্রুসিয়ানির সঙ্গে বিদায় ঘন্টা বেজে গেছে হার্নান পেরোডি ও মারিয়ানো সানচেজের। প্রথম লেগের পর তাদেরও আর রাখছে না আবাহনী।

মাঠের পারফরম্যান্স দিয়ে নির্ধারিত হয়েছে তাদের ভাগ্য। কিন্তু দল পয়েন্ট তালিকায় ভাল অবস্থানে থাকার পরও ক্রুসিয়ানির কেন এমন পরিনতি? ইতিউতি শোনা কথা থেকে এর জবাবটা এরকম, পয়েন্টের ব্যবধানে আরো এগিয়ে থাকা উচিত ছিল আবাহনীর। ছোট দলের কাছে হারা এবং খেলার মান প্রত্যাশিত জায়াগায় পৌঁছুতে না পারার ব্যর্থতা চেপেছে এই আর্জেন্টাইন কোচের ঘাড়ে। তবে আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছেন এভাবে, “শুরু থেকেই ক্রুসিয়ানি বলছেন চলে যাবেন, চলে যাবেন। সর্বশেষ ঘটনা হচ্ছে, সমর্থকদের চেচাঁমেচি দেখে তিনি আবার একই কথা বলা শুরু করেছেন। আমরা দল সামলাবো না তাকে সামলাবো? তাই তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগে বাংলাদেশ দলের দায়িত্ব্ পালন করার সময়ও এমনটাই করেছিলেন এই আর্জেন্টাইন কোচ। পান থেকে চুন কষলেই মুখে বাজতো ‘চলে যাবো’ রেকর্ড। নিজের পারফরম্যান্স নিয়ে কথা উঠলেও মানতে পারতেন না ক্রুসিয়ানি। তার এই অস্থির মানসিকতাই শেষপর্যন্ত কাল হয়েছে। নইলে আবাহনী এই আর্জেন্টাইনকে রাখার জন্য আলাদা রুম এবং তার পছন্দমতো খাবারসহ যাবতীয় ব্যবস্থা করেছিল। বিনিময়ে চেয়েছিল শুধুই তারকা সমৃদ্ধ দলটির ভাল পারফরম্যান্স।