২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়েই শুরু করলো ‘অমলেশের আবাহনী’

দেশের সেরা তরুণ স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। কিন্তু তিনি নন, আবাহনীকে বাঁচালেন প্রবীন স্ট্রাইকার শাহাজউদ্দিন টিপু। প্রথমার্ধের পর বদলি হিসেবে নেমেই ঢাকা আবাহনীর চেহারা পাল্টে দিলেন জাতীয় দলের ‘সুপার সাব’ হিসেবে খ্যাত এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 09:53 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

শেষপর্যন্ত তিনিই আরামবাগের গোলমুখ খুলে দিয়ে শ’দুয়েক সমর্থককে স্নায়ুচাপ মুক্তও করেছেন। তারপর ইব্রাহিম দ্বিতীয় গোল করে নিশ্চিত করেছেন ‘অমলেশের আবাহনীর’ জয়।

রোববার থেকে আবাহনীর সঙ্গে ডিয়েগো ক্রুসিয়ানির কোনো সম্পর্ক নেই। অনেক ঘটা করে আনা এই আর্জেন্টাইন কোচের সঙ্গে বি. লিগের মাঝপথেই সম্পর্ক চুকিয়ে ফেলেছে ধানমন্ডির এই ঐতিহ্যবাহী ক্লাবটি। দলের দুঃসময়ে আবারো দায়িত্ব চেপেছে স্থানীয় কোচ আমলেশ সেনের কাঁধে। এবং বাড়তি চাপ ও টেনশনের ম্যাচে প্রথমার্ধ গোলহীন থাকার পর তার দল ২-০ গোলে জিতেই প্রথম ম্যাচ পার করেছে। সুবাদে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আবাহনী পয়েন্ট তালিকায় যৌথভাবে শীর্ষে আছে শেখ রাসেল ও মুক্তিযোদ্ধার সঙ্গে। ইতিমধ্যে মুক্তিযোদ্ধার প্রথম লেগ শেষ হয়ে গেলেও ঢাকা আবাহনী ও শেখ রাসেল নিজেদের শেষ ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে আগামী ১৬ মে।

সেটাই হবে প্রথম পর্বের সবচেয়ে বড় ম্যাচ! জিতলে এককভাবেই শীর্ষে উঠে যাবে ঢাকা আবাহনী। কিন্তু গত তিনটি বড় ম্যাচের মধ্যে ‘ক্রুসিয়ানির আবাহনী’র সাফল্য মাত্র একটি জয়, মোহামেডানের বিপক্ষে।

আসলে যে রকম আশা নিয়ে ক্রুসিয়ানিকে আনা হয়েছিল, তিনি তার কোনো কিছু পুরণ করতে পারেননি বলেই আবাহনী কর্তা-সমর্থকদের ধারনা। ম্যাচ জেতার আত্মবিশ্বাসটুকুও সঞ্চারন করতে পারেননি দলের মধ্যে।

যেমন এই ম্যাচের নিস্ফলা প্রথমার্ধ দেখলে তারকা খচিত আবাহনী আর আরামবাগের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। ৯ মিনিটে গোল পাওয়ার মতো যে ভাল সুযোগটা তৈরি হয়েছিল উজ্জ্বলের ফ্রিকিক থেকে সেটাও নষ্ট হয়েছে এমিলির দূর্বল শটে। ভবিষ্যতের দুরন্ত এক স্ট্রাইকারের স্বপ্ন দেখানো জাহিদ হাসান এমিলিকে ফর্মে ফেরানোর জন্য কোনো উদ্যোগই ছিল না আর্জেন্টাইন কোচের।

তাকে তুলে নিয়ে দ্বিতীয়ার্ধে টিপুকে নামানোর পর থেকেই আবাহনী গুছিয়ে আক্রমনে উঠতে শুরু করে। ৫০ মিনিটে আবুলের এক থ্রু পাস থেকেই গোল করা উচিত ছিল টিপুর। বলটা নিয়ে তিনি এমন দুরূহ কোণে চলে গিয়েছিলেন সেখান থেকে একমাত্র ভ্যান বাস্তেনই গোল করার দক্ষতা দেখিয়েছিলেন। সুপার সাব হয়েও টিপু তা পারবেন না। তাই ৫৪ মিনিটে আর ওরকম কঠিন জায়গায় বল নিয়ে যাওয়ার ভুলটা আর করেননি। ইব্রাহিমের থ্রু আয়ত্তে নিয়েই টিপু ডি বক্সের বাঁদিক থেকে কোনাকুনি শটে আরামবাগের গোলরক্ষক মিতুলকে পরাস্ত করে আবাহনী গ্যালারি ও কর্মকর্তাদের মধ্যে স্বস্তি ফিরিয়েছেন। ৬৭ মিনিটে অবশ্য মিতুল এক অসাধারন সেভ করেছেন, সেটাও ছিল ইব্রাহিমের বানিয়ে দেওয়া বলে টিপুর নেওয়া শট।

এতক্ষণ যিনি গোল বানিয়ে দেওয়ার কাজ করেছেন সেই ইব্রাহিমই ৭৮ মিনিটে করেছেন দৃষ্টিনন্দন দ্বিতীয় গোলটি। ঘানার এই স্ট্রাইকার বল নিয়ে আরামবাগের পেনাল্টি বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে হালকা টোকা দিয়ে আবাহনীকে ২-০ গোলে এগিয়ে দিয়েছেন। ব্যবধান বাড়ানোরও সুযোগ তৈরি করেছিলেন তিনি, বাঁদিক থেকে তার ক্রসে মাত্র ৪ গজ দূর থেকে অধিনায়ক জয়ের নেওয়া শট অবিশ্বাস্যভাবে ক্রসবারে গিয়ে লাগায় বড় ব্যবধানে জেতা হয়নি আবাহনীর।

তারপরও সব চাপ-টেনশনকে চাপা দিয়ে জিতেছে আবাহনী, এতেই খুশী সমর্থকরা।