শিরোপার আরেকটু কাছে বার্সেলোনা
প্রতিপক্ষের মাঠে আগের দশটা ম্যাচ থেকে মাত্র এক বার জয় নিয়ে ফিরতে পেরেছিল তারা। তবে শনিবার রাতে সেই দুঃখ কিছুটা হলেও ভুলতে পেরেছে বার্সেলোনা।
স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’য় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে শুধু প্রতিপক্ষের মাঠে ব্যর্থতার বৃত্ত থেকেই বেরিয়ে আসেনি ‘বার্সা’, হ্যাটট্রিক শিরোপার পথেও এগিয়ে গেছে খানিকটা। আন্দ্রেস ইনিয়েস্তা ও স্যামুয়েল এ'তোর লক্ষ্যভেদে পাওয়া এই জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার ৩৩ ম্যাচ থেকে সংগ্রহ ৬৫ পয়েন্ট। ৬১ ও ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে সেভিয়া ও রিয়াল মাদ্রিদ। রোববার রাতে রিয়ালের মাঠ বার্নাব্যুতে মুখোমুখি হবে এই দু দল। শনিবার স্প্যানিশ লিগের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে ভ্যালেন্সিয়া ২-১ গোলে হারিয়েছে দেপোর্তিভো লা করুনাকে। ৩৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে ভ্যালিন্সয়া এখন চতুর্থ স্থানে। সমান ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট সংগ্রহ করা দেপোর্তিভোর অবস্থান একাদশ। স্প্যানিশ লিগের আর ৫ রাউন্ড বাকি।
সোসিয়েদাদের অ্যানোয়েতায় শুরুতেই বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন জাভি। কিন্তু অফসাইডের কারণে রেফারি বাতিল করে দিয়েছেন তা। তবে তাতে দমে না গিয়ে একের পর এক আক্রমণ করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে অবশ্য সাফল্য পায়নি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদিনহোর দারুণ এক থ্রু থেকে গোল করে ‘বার্সা’ শিবিরে স্বস্তি এনে দিয়েছেন ইনিয়েস্তা। দ্বিতীয় গোলটার নেপথ্যেও পুরো ম্যাচে অসাধারণ খেলা রোনালদিনহো। ৮৭ মিনিটে এই ব্রাজিলিয়ান প্লেমেকারের আরেকটি নিখুঁত থ্রু খুঁজে পেয়েছে ফাঁকায় দাঁড়ানো এ'তোকে। স্প্যানিশ লিগের গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা সুযোগটা কাজে লাগিয়ে নিশ্চিত করেছেন দলের জয়।
