২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি. লিগ নিয়ে অভিযোগের অন্ত নেই ক্লাবগুলোর

চলমান বি. লিগ নিয়ে ক্লাব কর্মকর্তাদের আছে নানা অভিযোগ। এতদিন মুখে মুখেই শোনা যাচ্ছিল সেসব, তবে এবার সব অভিযোগ লিখিত আকারেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানানোর উদ্যোগ নিচ্ছে বি. লিগের ক্লাবগুলো।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 10:53 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

শনিবার বড় ক্লাবগুলো একসঙ্গে বসেছিল এ নিয়ে আলোচনার জন্য। তাতে আবাহনী, মোহামেডান, ব্রাদার্স, শেখ রাসেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন, আর অন্য ক্লাবকর্মকর্তাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে তারা ফোনে আলাপ করে নিয়েছেন।

সভার আলোচ্য বিষয় ছিল মূলত তিনটি-দ্বিতীয় লেগ শুরুর তারিখ নির্ধারণ, প্রাইজমানি ও স্পন্সরমানির ব্যাখ্যা। দ্বিতীয় লেগ শুরুর দিন-তারিখের কোনো ঘোষণা না দিয়ে বাফুফের প্রথম লেগ শেষে দলবদলের সময়সীমা নির্ধারণ করে দেওয়াটা তারা মানতে পারছে না। ক্লাবগুলো চায়, আগামী ১৬ মে প্রথম লেগ শেষ হওয়ার পর দ্বিতীয় লেগের খেলা তাড়াতাড়ি শুরু করতে। এমনিতেই ক্লাবগুলোর অর্থনৈতিক দুরবস্থা, তাই দীর্ঘকালীন ক্যাম্প চালানো কঠিন হয়ে গেছে তাদের জন্য। শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী আরেকটা কারণের কথাও বলেছেন, “খেলায় কোনো দর্শক হচ্ছে না। ক্লাবগুলোর গেটমানির যে একটা আশা ছিল তা-ও নেই। তার একটা কারণ হতে পারে, প্রতিদিন খেলা না হওয়ায় দর্শকরা জানেনা কোনদিন খেলা থাকে।” সেজন্যই দ্বিতীয় লেগে টানা সূচী দেওয়ার তাগিদ দেবে ক্লাবগুলো।

সভায় আলোচিত হয়েছে প্রাইজমানি ও স্পন্সরমানির বিষয়গুলো। “লিগের প্রথম চারদলকে প্রাইজমানি দেওয়ার নিয়ম, কিন্তু এখনো পর্যন্ত বাফুফে সেই প্রাইজমানিও নির্ধারন করতে পারেনি। স্পন্সরমানি থেকেও একটা অংশ ক্লাবগুলোর পাওয়ার কথা। বি. লিগের প্রথম লেগ শেষ হয়ে গেলেও কে স্পন্সর কারা স্পন্সর সেটাও তো আমরা জানি না”-বলেছেন নুরুল আলম চৌধুরী।

এসব অভিযোগ লিখিতভাবেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানানোর উদ্যোগ নিয়েছে ক্লাবগুলো। দু-একদিনের মধ্যেই তা জানিয়ে দেওয়া হবে বাফুফেকে।