আসিফ-শারমিনের উত্তরসূরী সিফাত-তৃপ্তি
আসিফ-শারমিনের পথ ধরেই উঠে আসছেন সিফাত-তৃপ্তি। এই সময়ে আন্তর্জাতিক শ্যুটিংয়ে বাংলাদেশের স্বর্ণগর্ভা ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগে সোনা জিতেছেন বিকেএসপির এই দুই শ্যুটার।
২১ তম জাতীয় শ্যুটিংয়ে শনিবার ১০ মিটার এয়ার রাইফেলে পুরুষদের জুনিয়র বিভাগে ৫৭১ স্কোর করে সোনা জিতেছেন বিকেএসপির সিফাত সাদিক। এই প্রতিষ্ঠানেরই আরেক ছাত্রী তৃপ্তি দত্ত একই ইভেন্টে মেয়েদের জুনিয়রে ৩৮৬ স্কোর করে সোনা জিতেছেন। আগের দিন সিফাত ৫০ মিটার রাইফেল প্রোনে সোনা এবং মেয়েদের ৫০ মিটার থ্রি পজিশনে রূপা জেতেন তৃপ্তি।
পুরুষ জুনিয়র বিভাগে ১০ মিটার এয়ার রাইফেলে বিকেএসপির প্রিতম মোহাম্মদ চৌধুরী (৫৬৭) রূপা ও ঢাকা রাইফেল ক্লাবের হাসান আলী (৫৬২) ব্রোঞ্জ জিতেছেন। এই ইভেন্টে মেয়েদের জুনিয়র বিভাগে বিকেএসপির আফসানা (৩৭৯) রূপা ও আনসার ভিডিপির শারমিন আক্তার রত্না (৩৭৭) ব্রোঞ্জ জিতেছেন।
এই ইভেন্টে পুরুষ বিভাগে আসিফের অনুপস্থিতিতে আর্মি শ্যুটিং ক্লাবের ইমাম হোসেন ৬৮৫.৩ স্কোর করে সোনা জিতেছেন। গুলশান শ্যুটিং ক্লাবের সাইফুল আলম রিংকী (৬৮১.৯) রূপা ও আজিজুর রহমান উজ্জ্বল (৬৭৮.৮) ব্রোঞ্জ জিতেছেন। মেয়েদের বিভাগে এই ইভেন্টের সোনা যথারীতি শারমিন আক্তারের (৪৯২.৯)। নারায়নগঞ্জ রাইফেল ক্লাবের সুরাইয়া আক্তার (৪৮৮.৩) রূপা এবং ঢাকা রাইফেল ক্লাবের সাবরিনা সুলতানা (৪৮৬.১) ব্রোঞ্জ জিতেছেন।
