২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাকে হারিয়ে শীর্ষে তাদের সঙ্গী হলো শেখ রাসেল

প্রথমার্ধে খেলেছে শেখ রাসেল, দ্বিতীয়ার্ধ পুরোপুরি মুক্তিযোদ্ধার। ম্যাচ নিয়ন্ত্রণের দিক থেকে সাম্যাবস্থা থাকলেও স্কোরলাইনে তার প্রতিফলন নেই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 09:15 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

নেই কারণ, ওই প্রথমার্ধেই বড় পার্থক্য গড়ে দিয়েছেন শেখ রাসেলের মরোক্কান ফুটবলাররা। ইগির মোহাম্মদ ও তোয়াতি ইউনেসের করা দুই গোলে পিছিয়ে পড়ার পর মুক্তিযোদ্ধার মতিউর মুন্না একটি গোল শোধ করে কেবল ব্যবধান কমাতে পেরেছেন। এই জয়ে ১০ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্টতালিকায় শীর্ষে থাকা মুক্তিযোদ্ধাকে ছুঁয়ে ফেলেছে শেখ রাসেল, একটি ম্যাচ কম খেলেই। আগামী ১৬ই মে বি. লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে তারা।

মুক্তিযোদ্ধার জন্য প্রথম লেগ শেষ হয়ে গেছে ওই হারের মধ্য দিয়েই। প্রথমার্ধে খেলেছেও তারা হারার মতোই। সুযোগ তৈরি করার মতো কোনো আক্রমণই করতে পারেনি তারা। যা-ও একটা ভাল আক্রমণ হতে পারতো, সেটা পাল্টা আক্রমণ হয়ে মুক্তিযোদ্ধার নিজেদের গোলের দিকেই ছুটে গেছে।

দায়টা নিতে হবে মুক্তিযোদ্ধার স্ট্রাইকার আলফাজ আহমেদকেই। শেখ রাসেলের ডি বক্সের বাইরে বলটা বেশিক্ষণ ধরে রাখতে গিয়েছিলেন তিনি, খেসারত দিতে হয়েছে প্রতিপক্ষের কাছে বল হারিয়ে। তা আয়ত্তে নিয়েই রাসেলের মরোক্কান ডিফেন্ডার বুরদ্বীপ ওপরে ওঠে আসা মুক্তিযোদ্ধার ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে বলটা হাওয়ায় ভাসিয়ে দেন। অনেকটা দৌড়ে গিয়ে সেই বল নিজের আয়ত্তে নেন ইগির মোহাম্মদ এবং পেছন থেকে দৌড়ে আসা ডিফেন্ডার রজনীকে বডিডজে ছিটকে ফেলে মুক্তিযোদ্ধার গোলরক্ষক তিতুমীর চৌধুরী টিটুকে পরাস্ত করেন।

৩০ মিনিটে এগিয়ে যাওয়া শেখ রাসেলকে দ্বিতীয় গোল উপহার দিয়েছেন আরেক মরোক্কান স্ট্রাইকার তোয়াতি ইউনেস। প্রথমার্ধের ইনজুরি টাইমে ওই গোলের উৎস ইগির, বাঁদিক থেকে পাঠানো তার ক্রসে মাথা ছোঁয়াতে কোনো কষ্টই হয়নি দীর্ঘদেহী তোয়াতির। তার হেড প্রথমে ক্রসবার তারপর টিটুর গায়ে লেগে পোস্টে আশ্রয় নিলেই জয়ের গন্ধ পেতে শুরু করে শেখ রাসেল।

তবে দ্বিতীয়ার্ধে তাদের গুটিয়ে যাওয়ার সুবাদে মুক্তিযোদ্ধা যে গতিতে খেলেছে তাতে দু গোলই শোধ হয়ে যেতে পারতো। প্রথমে টিটুর ক্রসে মুক্তিযোদ্ধার মরোক্কান স্ট্রাইকার ব্রাহিমের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। তারপর ৬৯ মিনিটে সাইফুল ইসলাম মনির পাস থেকে বাঁ পায়ের শট ব্যবধান কমান মতিউর মুন্না। ম্যাচে ফেরার জন্য এরপর মুক্তিযোদ্ধা মরিয়া হয়ে ওঠে এবং কয়েকবার গোল পাওয়ার মতো সুযোগও তৈরি করে। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি, কারণ ত্রাতার ভূমিকায় নেমেছিলেন শেখ রাসেলের গোলরক্ষক শাকিল। আর সর্বশেষ আক্রমনটা গোললাইন থেকে ডিফেন্ডার আমিনুল হেড করে ঠেকিয়ে দিলে মুক্তিযোদ্ধার পরাজয় নিশ্চিত হয়ে যায়।