ম্যানইউকে উড়িয়ে ‘প্রতিশোধের’ ফাইনালে এসি মিলান
এসি মিলানের সামনে এখন ইস্তাম্বুলের সেই হৃদয় ভেঙ্গে দেয়া পরাজয়ের প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ! দু বছর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি মিলান।
তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত সেই ম্যাচে তিনটি গোলই শোধ করে শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পেয়েছিল লিভারপুল। এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও মুখোমুখি হতে যাচ্ছে এই দু দল। বুধবার সেমিফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে দাঁড়াতেই দেয়নি মিলান। ঘরের মাঠ সানসিরোতে কাকা, ক্ল্যারেন্স সিডর্ফ ও বদলি স্ট্রাইকার আলবার্তো জিলার্দিনোর লক্ষ্যভেদে ম্যানইউকে ৩-০ গোলে বিধ্বস্ত করে তারা পৌঁছে গেছে ফাইনালে।
গত সপ্তাহে ম্যানইউর ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত প্রথম লেগে স্বাগতিকরা ৩-২ গোলে জিতলেও দুই লেগ শেষে ৫-৩ অ্যাগ্রিগেটে এগিয়ে থাকার সুবাদে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছালো টুর্নামেন্টের ৬ বারের চ্যাম্পিয়নরাই। গত ৫ বছরে এটা মিলানের তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। অথচ গত জুলাইয়ে ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এ মৌসুমের জন্য চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেয়ার অধিকারই কেড়ে নেয়া হয়েছিল তাদের। শেষ পর্যন্ত ঐ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ইওরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পেয়েছে তারা।
সেমিফাইনালের প্রথম লেগে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড কাকা দুই গোল করেও দলকে জয় এনে দিতে পারেননি। বুধবার সেই কাকাই ম্যানইউর সামনে আবির্ভূত হন আতঙ্ক হিসাবে। কিক অফের পর থেকেই গোলের আশায় মরিয়া মিলান একেবারে ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের ওপর। প্রথম মিনিটে ম্যানইউর ডিফেন্ডার নেমানিয়া ভিদিচকে ঝড়ের গতিতে পেছনে ফেলে গোলমুখে ক্রস করেছিলেন কাকা। কিন্তু সিডর্ফ বা ফিলিপ্পো ইনজাগিদের কেউই সেই ক্রসের কাছাকাছি পৌঁছাতে পারেননি। দু মিনিট পর আবার গোলের সুযোগ। বক্সের ঠিক বাইরে থেকে সিডর্ফ জোরালো শট নিলেও ম্যানইউ গোলকিপার এডউইন ফন ডার সার তা উড়িয়ে দেন ক্রসবারের ওপর দিয়ে।
একাদশ মিনিটে অবশ্য এই সব হতাশা ভুলে যায় স্বাগতিকরা। সিডর্ফের হেড থেকে বল পেয়ে বাঁ পায়ের নিচু শটে দলকে এগিয়ে নেন কাকা (১-০)। ২০ মিনিটে গোলটা শোধ করার একটা সুযোগ এসেছিল ‘রেড ডেভিল’দের সামনে। তবে অধিনায়ক রায়ান গিগসের শট সোজা গিয়ে পড়ে মিলান গোলকিপার দিদার হাতে।
১০ মিনিট পর আবার সানসিরোতে উৎসব। সিডর্ফের গোলটার জন্মও নিচু জোরালো শট থেকে। বক্সের ঠিক বাইরে ভিদিচের ভুলের সুযোগে বল পেয়ে ক্রস করেন আন্দ্রিয়া পির্লো। ম্যানইউর ডিফেন্ডাররা সেটা বিপদমুক্ত করতে পারেননি। আর সেই সুযোগে গড়ানো শটে মিলানের জয় প্রায় নিশ্চিত করে দেন ডাচ মিডফিল্ডার সিডর্ফ (২-০)।
৪১ মিনিটে ইনজাগি একটা সুবর্ণ সুযোগ নষ্ট না করলে ব্যবধানটা তখনই ৩-০ হয়ে যেতো। প্রথমার্ধে মিলানের দুর্দান্ত আক্রমনাত্মক ফুটবল আর সবার মতো মুগ্ধ করেছে তাদের কোচ কার্লো অ্যানচেলত্তিকেও। ম্যাচশেষে তিনি জানিয়েছেন, ২০০১-এর নভেম্বরে দায়িত্ব নেয়ার পর তার অধীনে এই ৪৫ মিনিটই মিলানের সেরা পারফরম্যান্স।
বিরতির পর অবশ্য আক্রমণে যাওয়ার বদলে রক্ষণকাজেই বেশি মন দিয়েছে ইতালির ‘জায়ান্ট’ ক্লাবটা। সেই সুযোগে ম্যানইউ আক্রমণে উঠলেও প্রতিপক্ষের আঁটোসাটো ডিফেন্সে সেভাবে ফাটল ধরাতে পারেনি। একবার অবশ্য ড্যারেন ফ্লেচার সুযোগ পেয়েছিলেন ব্যবধান কমানোর। তবে তার শট বেরিয়ে গেছে সাইডবারের বাইরে দিয়ে। আরেকবার ডান দিক থেকে আসা ক্রস রুনি অ্যাক্রোবেটিক ঢঙে সাইডভলি করার চেষ্টা করলেও বলে পা ছোঁয়াতে পারেননি। ব্যবধান কমানোর জন্য মরিয়া হয়ে আক্রমণে যাওয়াটাই শেষ পর্যন্ত কাল হয়েছে ম্যানইউর জন্য। ৭৮ মিনিটে মাসিমো আম্ব্রোসিনির শট খুঁজে পেয়েছে ফাঁকায় দাঁড়ানো জিলার্দিনোকে। লম্বা এক দৌড়ে, এগিয়ে আসা ফন ডার সারের উদ্যত হাতের পাশ দিয়ে, ঠান্ডা মাথায় জালে বল পাঠিয়েছেন তিনি (৩-০)। ম্যাচের ফল নিয়ে যেটুকু অনিশ্চয়তা ছিল তারও সেখানেই সমাপ্তি।
প্রথম লেগ ২-৩ গোলে হেরে যাওয়ায় এই ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেলেই ফাইনাল নিশ্চিত হয়ে যেত মিলানের। তার চেয়ে অনেক বড় ব্যবধানে জয় পাওয়ায় অ্যানচেলত্তি রীতিমতো অভিভূত। ম্যাচশেষে মিলান কোচের কণ্ঠে তাই ধরা পড়লো উচ্ছ্বাস ও বিস্ময়,“দু দলের কোনো কোচই বোধহয় এ ধরনের ম্যাচের কথা কল্পনাও করতে পারেনি। আমরা একেবারে নিখুঁত ফুটবল খেলেছি। ঠিক যেন স্বপ্নের ফুটবল।” এবং বিস্ময়ের সঙ্গে সঙ্গে আগামী ২৩ মে এথেন্সে একটা হিসাব মেটানোর প্রতিজ্ঞাও প্রতিধ্বনিত হলো অ্যানচেলত্তির কণ্ঠে,“একটা লক্ষ্য সামনে নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি। এবং তা দু বছর ধরে অনুসরণ করছি। কারণ, ইস্তাম্বুলের সেই ম্যাচ এখনো তাড়িয়ে বেড়ায় আমাদের। (আমার কোচিংয়ে) আগের দু বারের চেয়ে এবারের ফাইনালে উত্তরণটা অনেক বেশি কঠিন ছিল। এখন আমাদের সামনে প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছে।”
ম্যানইউর কোচ অ্যালেক্স ফার্গুসন পরাজয়ের জন্য দায়ী করেছেন একটানা খেলে যাওয়ার ক্লান্তিকে,“আজ (বুধবার) রাতে আমরা একেবারে ব্যাকফুটে চলে গিয়েছি। সবগুলো গোলই শস্তায় দিয়েছি ওদের। শারীরিকভাবে ওদের প্রস্তুতি আমাদের চেয়ে অনেক ভালো ছিল। ওরা খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে আর এই পর্যায়ে এটা বড় পার্থক্য গড়ে দিতে সক্ষম। অন্যদিকে আমরা একই খেলোয়াড় নিয়ে কয়েক সপ্তাহ ধরে খেলে যাচ্ছি।”
