এবার অঘটনের শিকার আবাহনী
‘লিলিপুট’দের ‘গালিভার’ বধের ঘটনা প্রথম পেশাদার লিগে নিয়মিতই ঘটে চলেছে।
চট্টগ্রাম মোহামেডানের কাছে মুক্তিযোদ্ধার হার, আরামবাগে মুখ থুবড়ে পড়া শেখ রাসেল ক্রীড়া চক্রের-এসবের সঙ্গে সর্বসাম্প্রতিক সংযোজন, খুলনা আবাহনীর কাছে ঢাকা আবাহনীর পরাজয়। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে প্রথমে পিছিয়ে থেকেও শেষপর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে খুলনা আবাহনী। ঢাকা আবাহনীর এটা প্রথম হার। মানে, বি. লিগে কোনো দলই আর অপরাজিত রইলো না।
এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরার খুব ভালো সুযোগ ছিল ঢাকা আবাহনীর। কিন্তু হেরে গিয়ে আট ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়ে গেল আকাশী-নীল জার্সিধারীরা। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মুক্তিযোদ্ধাও হোঁচট খেয়েছিল খুলনা আবাহনীর কাছেই। ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল তাদের। আগে রহমতগঞ্জকে ২-০ গোলে হারানো খুলনা আবাহনীর কাছে ২-৪ গোলে হার মানতে হয়েছিল ব্রাদার্স ইউনিয়নকেও। এবার ঢাকা আবাহনীকে হারিয়ে ‘জায়ান্ট কিলার’ হিসেবে আবির্ভাবটা পাকাপোক্ত করা দলটির পয়েন্ট এখন আট ম্যাচে ১০।
আর্জেন্টাইন মিডফিল্ডার সানচেজের গোলে ম্যাচের ৪৪ মিনিটে আবাহনীই এগিয়ে গিয়েছিল। ৬৩ মিনিটে পিকুল সমতা ফেরানোর পর খুলনা আবাহনীকে জয় এনে দেয় মামুনের গোল। ম্যাচ শেষ হতে তখনো ৯ মিনিট বাকি। অথচ গোটা ম্যাচেই আধিপত্য ছিল ঢাকার দলটির। কিন্তু তাদের সুযোগ কাজে লাগানোর ব্যর্থতাই আসলে ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। ম্যাচে খুলনার দলটি দুটো সুযোগই পেয়েছিল এবং দুটোই কাজে লাগিয়ে শেষ হাসি হেসেছে তারা।
যেভাবে আক্রমণ করে গেছে ধানমন্ডির ক্লাবটি, তাতে তারা ৫-০ গোলে জিতলেও অবাক হওয়ার কিছু থাকতো না। তবে প্রথমার্ধে তাদের অনেক সুযোগ নষ্ট হওয়ায় খুলনা আবাহনীর গোলকিপার ফয়েজ আহমেদের কৃতিত্বই বেশি। তবে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে তাকেও বোকা বানায় সানচেজের অসাধারণ একটা গোল। প্রতিপক্ষের রক্ষণ-দেয়ালে বাধা পেয়ে আসা বল বুক দিয়ে রিসিভ করে ডান থেকে বাম পায়ে এনে প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া তার ভলিতে বল জালে জড়ায়, ফয়েজ কিছু বুঝে ওঠার আগেই। এই গোলটা পিকুল শোধ করেন বাম দিক দিয়ে একক প্রচেষ্টায় বল নিয়ে এগিয়ে গিয়ে। এরপর খুলনা আবাহনীর জয়সূচক গোলের জন্য দায়টা ঢাকা আবাহনীর গোলকিপার বিপ্লব ভট্টাচার্য্যরেই সবচেয়ে বেশি। ৮১ মিনিটে প্রশান্তের নিরীহ লব এক বাউন্সে বিপ্লবের কাছে গেলেও সেটা গ্রিপ করতে পারেননি তিনি। এবং সেই সঙ্গে নিয়ন্ত্রণও হারান। মামুন সেই সুযোগটা নিয়ে জয়ের হাসি হাসান খুলনার দলটিকে। বিপ্লবের ভুলের জন্য উত্তেজিত সমর্থকরা ম্যাচের পর প্রায় দুই ঘন্টা স্টেডিয়াম থেকে বেরুতে দেয়নি আবাহনীর খেলোয়াড়দের।
