চেলসিকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে লিভারপুল
টাইব্রেকার মানেই লটারির অনিশ্চয়তা। সেজন্য বেশিরভাগ দল টাইব্রেকারকে এড়িয়ে চলতেই পছন্দ করে বেশি। তবে লিভারপুলকে এখন এ ব্যাপারে ব্যতিক্রম মনে করা যেতেই পারে।
দু বছর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এসি মিলানকে তারা হারিয়েছিল টাইব্রেকারে। মঙ্গলবার নিজেদের মাঠ অ্যানফিল্ডে আবারো টাইব্রেকারের সেই ‘লটারি’তেই লিভারপুল বিজয়ী। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফিরতি লেগে গোলরক্ষক পেপ রেইনার অসাধারণ দক্ষতার কল্যাণে চেলসিকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়েছে তারা। সেই সুবাদে চলে গেছে ফাইনালে।
গত সপ্তাহে চেলসির স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত প্রথম লেগে স্বাগতিকরা জিতেছিল ১-০ গোলে। মঙ্গলবার অ্যানফিল্ডে নির্ধারিত ও অতিরিক্ত সময়শেষেও স্বাগতিকদের অনুকূলে একই ফল! ড্যানিশ ডিফেন্ডার ড্যানিয়েল অ্যাগারের লক্ষ্যভেদে লিভারপুল ১-০ গোলে জয় পাওয়ায় (অ্যাগ্রিগেট ১-১) ফাইনালিস্ট নির্ধারণের জন্য প্রয়োজন পড়ে টাইব্রেকারের। সেখানেই আরিয়েন রবেন ও জেরেমির শট ঠেকিয়ে দু বছর পর ‘অলরেড’দের ইওরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে দেন রেইনা।
১৯৯২ সালে প্রবর্তন হওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল টাইব্রেকারে গড়ানোর ঘটনা এটাই প্রথম। এটার মতোই আরেকটি বিস্ময়কর ঘটনা হলো, সর্বশেষ ১১টি পেনাল্টি শ্যুট আউটে প্রতিদ্বন্দ্বিতা করে ১০টিতেই জয় পেলো লিভারপুল। টাইব্রেকার সত্যিই তাদের জন্য পয়া!
অবশ্য ম্যাচটা টাইব্রেকারের নাটকীয়তায় গড়ানোর আগেই জয় নিশ্চিত করতে পারতো লিভারপুল। সারা ম্যাচে বলের দখল এবং গোলের সুযোগ সৃষ্টি-দুটোতেই এগিয়েছিল তারা। কিন্তু খেলোয়াড়দের ব্যর্থতা ও প্রতিপক্ষের গোলকিপার পিয়েতর চেকের নৈপুণ্যে ১২০ মিনিটে একটির বেশি গোল পায়নি। তবে ২২ মিনিটে চেক প্রজাতন্ত্রের এই গোলকিপার অবশ্য সর্বনাশের হাত থেকে বাঁচাতে পারেননি চেলসিকে। বক্সের বাঁ কোণে একটা ফ্রিকিক পেয়েছিল লিভারপুল। সবাই যখন ভাবছে লিভারপুলের অধিনায়ক স্টিভেন জেরার্ড বলটাকে ভাসিয়ে বক্সের ভেতরে পাঠাবেন ঠিক তখনই এক চমক। জেরার্ড চিপ না করে গড়ানো শট নিলেন। আর তাতে চকিতে পা ছুঁইয়ে দলকে এগিয়ে দিলেন অ্যাগার (১-০)।
ব্যবধানটা আরো বড় হতে পারতো। তবে পিয়েতর চেক তা হতে দেননি। অবশ্য শুধু চেকই নন, চেলসির ক্রসবারও বাধার পাহাড় হয়ে দাঁড়িয়েছে স্বাগতিকদের সামনে। বিরতির আগে অ্যাগারেরই আরেকটি শট চেককে ফাঁকি দিলেও ক্রসবারে লেগে ফিরে আসে মাঠে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি ডার্ক কুইটের হেড আবারো বাধা পায় ক্রসবারে। তার কিছুক্ষণ আগে লিভারপুলের দীর্ঘদেহী স্ট্রাইকার পিটার ক্রাউচের হেড পা দিয়ে ঠেকিয়ে দেন চেক। চেলসির সামনেও সুযোগ এসেছে গোল শোধ করার। তবে ৩২ মিনিটে দিদিয়ের দ্রগবার জোরালো শট দারুণ দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন রেইনা। অতিরিক্ত সময়ে কুইট অবশ্য জালেই জড়িয়েছিলেন বল। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল করেছেন রেফারি।
এরপর টাইব্রেকারের নাটকীয়তা। যেখানে রবেন ও জেরেমির শট ঠেকিয়ে লিভারপুলের জয়ের নায়ক রেইনা। জেনদেন, আলনসো, জেরার্ড ও কুইটের কৃতিত্বও কম নয়। বল ঠান্ডা মাথায় লক্ষ্যে পাঠিয়ে জয় হাতছাড়া হতে দেননি তারা। অতিরিক্ত সময়ে তার করা গোল অফসাইডের কারণে বাতিল হওয়ার দুঃখ জয়সূচক গোল করেই ভুলেছেন কুইট।
চেলসির কোচ হোসে মরিনহোর সঙ্গে অনেক দিন ধরেই শীতল সম্পর্ক রাফায়েল বেনিটেজের। দু জনের কথার লড়াই বৃটিশ পত্রিকাগুলোতে মুখরোচক খবরের জন্ম দেয় প্রায়ই। তবে সবাইকে অবাক করে এমন নাটকীয় জয়ের পরও লিভারপুলের কোচ বেনিটেজ ভীষণ শান্ত,“আমি শুধু এই মুহূর্তটা এবং আবার ফাইনালে ওঠার আনন্দ উপভোগ করতে চাই। আর কিছু না বলে আমার দলের প্রশংসা করতে চাই। আমি শুধু এই আনন্দ উপভোগ করবো। এই পরিবেশ সত্যিই দুর্দান্ত।” অন্যদিকে গত চার মৌসুমের মধ্যে তৃতীয় বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার শোকে মুহ্যমান মরিনহোর মন্তব্য,“আমার কোচিং ক্যারিয়ারে এটাই সবচেয়ে হৃদয়বিদারক রাত। টাইব্রেকারে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পরাজয় হজম করা খুব কঠিন।”
