২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধার কষ্টার্জিত জয়

মুক্তিযোদ্ধা ১ : আরামবাগ ০, খেলা হয়েছে সমান সামান। মুক্তিযোদ্ধার সঙ্গে দারুণ লড়াই হয়েছে আরামবাগের। কিন্তু স্কোর লাইনে তার প্রতিফলন ঘটেনি বলে দুঃখ হতে পারে আরামবাগের। আবার বলা যায়, নিজেরাই আবাহন করে এনেছে এই দুঃখ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 10:09 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

কারণ সৌখিন ফুটবলার তাবিত আউয়ালকে খেলিয়ে ৪৪ মিনিট পর্যন্ত আরামবাগ ছিল মূলত ১০ জনের দল। আর তখনই গোল করে মুক্তিযোদ্ধা এবং ম্যাচের শেষ পর্যন্ত তা ধরে রেখে আরামবাগকে ১-০ গোলে হারিয়ে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে।

এমনিতেই ৪৪ মিনিট পর্যন্ত প্রায় ১০ জনের শক্তিতে বলীয়ান তারা। সঙ্গে যোগ হয়েছে ২৪ মিনিটের মাথায় তাদের নির্ভরযোগ্য নাইজেরিয়ান ডিফেন্ডার থামাস ভিকেটির আহত হয়ে মাঠ ছাড়ার অঘটন। দুইয়ে মিলে যখন বিপর্যন্ত আরামবাগ তখনই গোল। ৩৮ মিনিটে মুক্তিযোদ্ধার ব্রাহিমের ডান দিক থেকে পাঠানো ক্রসে মতিউর মুন্নার ভলি কোনাকুনি ঢুকে যায় আরামবাগের জালে।

তবে তার আগেই আরামবাগ পেয়েছিল গোলের সহজ সুযোগটি। ২৬ মিনিটে মুক্তিযোদ্ধার তিনজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়েও গোল করতে পারেননি নিকোডিমাস। মুক্তিযোদ্ধার গোলরক্ষক টিটুকে একা পেয়েও আরামবাগের এই উগান্ডান স্ট্রাইকার মাত্র ৬ গজ দূর থেকে বলটাকে পোস্টের ওপর দিয়ে বাইরে মারেন। ২৬ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেছেন তিনি। ৭২ মিনিটে আরামবাগের ডমিনিকের ফ্রিকিক ঠেকিয়ে দেন গোলরক্ষক টিটু।

গোল ছাড়া মুক্তিযোদ্ধার সুযোগ বলতে মতিউর মুন্না ও টিটুর দুটি শট, যেগুলো আরমাবাগের ক্রসবার ঘেঁষে বাইরে চলে যায়। তবে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে তারা গোল করার বদলে গোল ধরে রাখার দিকেই বেশি মনযোগী ছিল। সেই কাজে তারা শেষ পর্যন্ত সফল।